বিবৃতিতে যা বললো সিলেট নগর বিএনপি

ফন্ট সাইজ:

আয়োজকদের স্বেচ্ছাচারিতার কারণে সিলেট সিটি করপোরেশনের উদ্যোগে নগরভবনে অনুষ্ঠিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে যোগদান থেকে বিরত থাকার ব্যাপারে বিবৃতি প্রদান করেছেন সিলেট মহানগর বিএনপি’র নেতৃবৃন্দ। সংবর্ধনা ছাড়া প্রেসিডেন্ট মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বিমানবন্দরে বরণ, শাহজালাল (রহ.) ও শাহপরান (রহ.) মাজার জিয়ারতে অংশ নিয়েছেন তারা। এ ছাড়া, পরবর্তীতে সার্কিট হাউজে উপস্থিত হয়ে বিষয়টি প্রেসিডেন্টকে অবহিত করা হয়েছে বলেও জানিয়েছেন তারা। মঙ্গলবার রাতে এক বিবৃতিতে সিলেট মহানগর বিএনপি’র সভাপতি নাসিম হোসাইন ও সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী বলেন, প্রেসিডেন্ট রাষ্ট্রের সর্বোচ্চ সম্মানিত ব্যক্তি।

প্রেসিডেন্টের আগমনে শুধু জাতীয়তাবাদী আদর্শের নেতাকর্মী নয়, পুরো সিলেটবাসী আনন্দিত, উচ্ছ্বসিত। মানুষ রাস্তার পাশে দাঁড়িয়ে প্রেসিডেন্টকে অভিবাদন জানিয়েছে। মহানগর বিএনপি’র অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে নগরীর সকল গুরুত্বপূর্ণ পয়েন্টে প্রেসিডেন্টকে বরণ করা হয়েছে। দুঃখজনক হলেও সত্য যে, প্রেসিডেন্ট রাষ্ট্রের সর্বোচ্চ ব্যক্তি। তাই প্রেসিডেন্টের সংবর্ধনা নিয়ে মহানগর বিএনপি’র সঙ্গে সমন্বয় করে নাগরিক কমিটি গঠনের ব্যাপারে প্রবাসী কল্যাণমন্ত্রী ও জেলা প্রশাসকের উপস্থিতিতে দুইবার সভা অনুষ্ঠিত হয়। দু’টি সভাতেই নাগরিক কমিটি গঠনের ওপর জোর দেয়া হয়। কিন্তু সিলেট সিটি করপোরেশনের প্রশাসকের স্বেচ্ছাচারিতার কারণে সেটি সম্ভব হয়নি। বরং উল্টো মহানগর বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের উপেক্ষা করে একক কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে তিনি প্রেসিডেন্টের আয়োজনকে বিতর্কিত করার চেষ্টা করেন। এ ছাড়া, মহানগর বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের দাওয়াতের ক্ষেত্রেও যথাযথ প্রক্রিয়া অনুসরণ করা হয়নি।

ফলে এ আয়োজন নিয়ে সিসিক প্রশাসকের সঙ্গে মহানগর বিএনপি’র অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মতবিরোধ দেখা দেয়। একপর্যায়ে দলের সাংগঠনিক শৃঙ্খলার স্বার্থে শুধু মহানগর বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠন নয়, দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা নগরভবনের অনুষ্ঠানে যোগদান থেকে বিরত থাকেন। তবে প্রেসিডেন্টকে বিমানবন্দরে বরণ, শাহজালাল (রহ.) ও শাহপরান (রহ.) মাজার জিয়ারতে তারা উপস্থিত ছিলেন। এ ব্যাপারে দলীয় নেতাকর্মীদের বিভ্রান্ত না হতে এবং গণমাধ্যমসমূহকে বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান জানান তারা। এদিকে, সংবর্ধনা অনুষ্ঠান শেষে মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সার্কিট হাউজে গিয়ে মহানগর বিএনপি নেতৃবৃন্দ প্রেসিডেন্টের সঙ্গে দেখা করেন এবং বিষয়টি তুলে ধরেন।

এ সময় উপস্থিত ছিলেন- বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ড. মোহাম্মদ এনামুল হক চৌধুরী, বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও সিলেট ওয়াসার চেয়ারম্যান মিফতাহ সিদ্দিকী, বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সিলেট জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীম, মহানগর বিএনপি’র সভাপতি নাসিম হোসাইন, মহানগর সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক ও জালালাবাদ গ্যাসের পরিচালক বদরুজ্জামান সেলিম।