আল-আকসা মসজিদ প্রাঙ্গণে ১৬৯ ইহুদির ‘তাণ্ডব’

আল-আকসা মসজিদ প্রাঙ্গণে ১৬৯ ইহুদির ‘তাণ্ডব’

ফন্ট সাইজ:

আল-আকসা মসজিদ প্রাঙ্গণে ১৬৯ জন ইসরাইলি বসতিস্থাপনকারী হানা দিয়েছেন বলে জানিয়েছে ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা। জেরুজালেম গভর্নরেটের বরাত দিয়ে সংস্থাটি জানিয়েছে, ইসরাইলি বাহিনীর কঠোর নিরাপত্তাবেষ্টনীর মধ্যে বসতিস্থাপনকারীরা মসজিদ প্রাঙ্গণে প্রবেশ করেন।
ওয়াফার প্রতিবেদনে বলা হয়, বাব আল-মাগারিবা গেট দিয়ে প্রবেশের পর বসতিস্থাপনকারীরা মসজিদের আঙিনায় তালমুদিক প্রার্থনার বিভিন্ন আচার পালন করেছেন।

আল-আকসা মসজিদ প্রাঙ্গণে অমুসলিমদের প্রবেশের অনুমতি রয়েছে। তবে ১৯৬৭ সালে এই পবিত্র স্থানের জন্য প্রতিষ্ঠিত ‘স্ট্যাটাস কো’ বা প্রচলিত ব্যবস্থার অধীনে সেখানে অমুসলিমদের প্রার্থনা করার অনুমতি নেই।
ওয়াফা জানিয়েছে, উগ্রপন্থী বসতিস্থাপনকারী গোষ্ঠীগুলো ইহুদি নববর্ষ উদযাপনের অজুহাতে আল-আকসা মসজিদে ব্যাপকভাবে ঢুকে পড়ার জন্য তাদের সমর্থকদের প্রতি আহ্বান জানিয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, ইহুদি ধর্মীয় উৎসবগুলোকে কেন্দ্র করে ইসরাইলি কর্তৃপক্ষ অধিকৃত পশ্চিম তীর, জেরুজালেমসহ বিভিন্ন এলাকায় সড়ক বন্ধ করে দেয় এবং ফিলিস্তিনিদের চলাচলের ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করেছে।