বাংলাদেশ নারী ফুটবলের ইতিহাসে রচিত হলো ভুলে যাওয়ার মতো এক অধ্যায়। জাপানে চলমান এশিয়ান গেমসে উত্তর কোরিয়ার বিপক্ষে মাঠে নেমে ১০-০ গোলের ব্যবধানে বিধ্বস্ত হলো পিটার বাটলারের দল। নারী ফুটবলের ইতিহাসে এর আগে ২০১৩ সালে থাইল্যান্ডের কাছে ৯-০ গোলের হারই ছিল সবচেয়ে বড় ব্যবধানের পরাজয়। ১৩ বছর পর সেই পুরনো লজ্জার রেকর্ড ভেঙে নতুন এক দুঃস্বপ্নের জন্ম দিল লাল-সবুজের প্রতিনিধিরা।
ম্যাচের আগের দিনই কোচ পিটার বাটলার ফলাফলের পরোয়া না করে তরুণদের সুযোগ দেয়ার ঘোষণা দেন। সেই পরিকল্পনা অনুযায়ী, শুরুর একাদশে ঋতুপর্ণা চাকমা, মনিকা চাকমা ও শামসুন্নাহারদের মতো পরীক্ষিত তারকাদের বেঞ্চে রেখে মোমিতা খাতুন ও অর্পিতা বিশ্বাসদের মতো তরুণদের মাঠে নামান তিনি। শক্তিশালী উত্তর কোরিয়ার মতো পরাশক্তির বিপক্ষে এই অপরিপক্ব পরীক্ষা মারাত্মক বুমেরাং হয়। ম্যাচের প্রথমার্ধেই গোলের বন্যায় ভেসে ৭ গোল হজম করে বাংলাদেশ।
বিরতির পর অভিজ্ঞরা মাঠে নামলেও ততক্ষণে ম্যাচের ভাগ্য নির্ধারিত হয়ে গেছে। কোচ বাটলারের অপরিকল্পিত একাদশ সাজানোর খেসারত দিতে হলো বড় ব্যবধানে। এশিয়ান কাপ ও সাফের ব্যর্থতার পর এশিয়ান গেমসের এই শোচনীয় পরাজয় নারী ফুটবলকে এক গভীর প্রশ্নের মুখে ঠেলে দিল।
