নাকভির কাছ থেকে এবার ট্রফি নিলেন না ভারতীয় মেয়েরা

এশিয়া কাপ ফাইনাল

নাকভির কাছ থেকে এবার ট্রফি নিলেন না ভারতীয় মেয়েরা

ফন্ট সাইজ:

ক্রিকেট মাঠে জয়ের আনন্দ আর ট্রফি উদযাপনের চিত্রটা চিরচেনা। তবে সেই চেনা বৃত্তের বাইরে আরেকবার জন্ম নিল সেই নজিরবিহীন নাটক। শ্রীলঙ্কাকে ৭২ রানে হারিয়ে নারী এশিয়া কাপের মুকুট নিজেদের মাথায় তুললো ভারত। রেকর্ড অষ্টমবারের মতো শিরোপা ঘরে তোলার গৌরব অর্জন করলেও, এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) প্রধান মহসিন নাকভির হাত থেকে চ্যাম্পিয়ন ট্রফি নিতে অস্বীকৃতি জানালো হরমানপ্রীত কৌরের দল। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে রোববারের এই ঘটনা মনে করিয়ে দিল ঠিক এক বছর আগের পুরুষ দলের সেই আলোচিত বয়কটের স্মৃতি।

ফাইনালে শ্রীলঙ্কাকে হারিয়ে শিরোপা নিশ্চিত করার পরও প্রায় ৫০ মিনিট ধরে আটকে ছিল পুরস্কার বিতরণী অনুষ্ঠান। কারণ একটাই-বিজয়ী দলের হাতে ট্রফি তুলে দিতে চেয়েছিলেন এসিসি প্রধান মহসিন নাকভি। একই সঙ্গে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান ও দেশটির স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে থাকা নাকভির কাছ থেকে ট্রফি নিতে সাফ না করে দেয় ভারতীয় দল। বিসিসিআইয়ের পক্ষ থেকে এসিসির সহ-সভাপতি খালিদ আল জারুনির হাত থেকে ট্রফি নেয়ার প্রস্তাব দেয়া হলেও সেই প্রস্তাবে অনড় থাকেন নাকভি। শেষ পর্যন্ত ট্রফি না নিয়েই মাঠ ছাড়ে চ্যাম্পিয়নরা।

এমন অনমনীয় অবস্থানের পেছনের কারণ ব্যাখ্যা করে বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া সংবাদমাধ্যমকে জানান, ২০২৫ সালের এপ্রিলে পেহেলগামে সন্ত্রাসী হামলা ও পরবর্তীতে দুই দেশের রাজনৈতিক উত্তেজনার পর থেকেই ভারতের কূটনৈতিক ও ক্রীড়া নীতিতে বড় পরিবর্তন এসেছে।

তিনি বলেন, সরকারের নীতি মেনে বহুজাতিক টুর্নামেন্টে খেলতে নামলেও দেশের স্বার্থবিরোধী ভূমিকায় অবতীর্ণ কোনো নেতার কাছ থেকে পুরস্কার গ্রহণ করা সম্ভব নয়। সাইকিয়ার ভাষায়, ‘এর মানে এই নয় যে আমরা খেলবো এবং আমাদের সামনে রাখা প্রতিটি শর্ত মেনে নেব। যে দেশের সঙ্গে আমাদের সম্পর্ক আগে থেকেই খারাপ, তাদের একজন গুরুত্বপূর্ণ নেতা আমাদের দেশের স্বার্থের বিরুদ্ধে কাজ করছেন। আমরা তাঁর কাছ থেকে ট্রফি নিতে পারি না।’