ঠাকুরগাঁও সীমান্তের ওপারে বিএসএফের গুলিতে বাংলাদেশির মৃত্যু

ঠাকুরগাঁও সীমান্তের ওপারে বিএসএফের গুলিতে বাংলাদেশির মৃত্যু

ফন্ট সাইজ:

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় সীমান্তের ওপারে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আহত এক বাংলাদেশি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গত শুক্রবার দিবাগত রাতে ভারতের উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জে গুলিতে তিনি আহত হন।

পরে সেখানকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল শনিবার সকালে তার মৃত্যু হয়।
নিহত আসাদুল হক (৩৮) ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার ইদ্রইল গ্রামের বাসিন্দা।

পীরগঞ্জের বৈরচুনা ইউনিয়ন পরিষদের সদস্য মো. শাহাজাহান আলী গণমাধ্যমকে বলেন, ‘নিহত আসাদুল আমার এলাকার বাসিন্দা। বিএসএফের গুলিতে নিহতের বিষয়টি ভারতীয় গণমাধ্যমের মাধ্যমে আমরা জানতে পেরেছি। তার পরিবারের সঙ্গে কথা বলে বিষয়টি বিজিবিকে জানিয়েছি।’

বিজিবির দিনাজপুর ৪২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মঈন গণমাধ্যমকে বলেন, ‘ভারতের গণমাধ্যমের খবর থেকে বাংলাদেশির মৃত্যুর বিষয়ে জেনেছি। তবে বিএসএফ আনুষ্ঠানিকভাবে এখনো কিছু জানায়নি।’

এ বিষয়ে আজ রোববার বিজিবির পক্ষ থেকে পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে বলে উল্লেখ করেন তিনি।