অর্থনীতির চ্যালেঞ্জ মোকাবিলায় সমন্বিত উদ্যোগের তাগিদ

অর্থনীতির চ্যালেঞ্জ মোকাবিলায় সমন্বিত উদ্যোগের তাগিদ

ফন্ট সাইজ:

জাতীয় বাজেটের বিভিন্ন বিধান সরকারি ও করপোরেট খাতে কী ধরনের প্রভাব ফেলছে, তা নিয়ে নর্থ সাউথ ইউনিভার্সিটিতে (এনএসইউ) সেমিনার অনুষ্ঠিত হয়েছে। এতে দেশ থেকে পুঁজি বাইরে চলে যাওয়া, ব্যবসাপ্রতিষ্ঠান ও আর্থিক খাতের মধ্যে আস্থার সংকট এবং দেশীয় বিনিয়োগ বাড়ানোর প্রয়োজনীয়তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন বক্তারা। শনিবার বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে ‘জাতীয় বাজেটের বিধানসমূহের সরকারি ও করপোরেট খাতে প্রভাব’ শীর্ষক এ সেমিনারের আয়োজন করে এনএসইউর এমবিএ/ইএমবিএ প্রোগ্রামস। সহযোগিতায় ছিল নর্থ সাউথ ইউনিভার্সিটি ইয়াং এন্ট্রাপ্রেনার্স সোসাইটি (এনএসইউ ইয়েস)।
সেমিনারে প্রধান অতিথি ছিলেন অর্থ মন্ত্রণালয়ের সচিব ড. খায়রুজ্জামান মোজুমদার। বিশেষ অতিথি ছিলেন নর্থ সাউথ ইউনিভার্সিটি ট্রাস্টের প্রতিষ্ঠাতা আজীবন সদস্য ও সাবেক চেয়ারম্যান এমএ কাশেম। সেশন চেয়ার ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আবদুল হান্নান চৌধুরী।

আলোচনায় বক্তারা বলেন, দেশের অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলা এবং বিনিয়োগের পরিবেশ উন্নয়নে শুধু সরকারি উদ্যোগ যথেষ্ট নয়। এ জন্য ব্যবসায়ীসমাজ, আর্থিক প্রতিষ্ঠান, শিক্ষাঙ্গন ও সাধারণ মানুষের সমন্বিত অংশগ্রহণ প্রয়োজন। বিনিয়োগকারীদের আস্থা ফিরিয়ে আনা এবং দেশীয় পুঁজি বিনিয়োগে উৎসাহিত করার ওপরও গুরুত্ব দেন তারা। এ ক্ষেত্রে বিনিয়োগকারী ফোরাম গঠনের সম্ভাবনা নিয়েও আলোচনা হয়।
সেমিনারে উপাচার্য অধ্যাপক ড. আবদুল হান্নান চৌধুরী বিশ্ববিদ্যালয় ও শিল্প খাতের সহযোগিতা বাড়ানোর কয়েকটি প্রস্তাব তুলে ধরেন। এর মধ্যে রয়েছে ইন্টার্নশিপ ও শিক্ষানবিশ কার্যক্রমে কর প্রণোদনা, শিল্পপ্রতিষ্ঠানের অর্থায়নে গবেষণার সুযোগ বৃদ্ধি এবং বিশ্ববিদ্যালয়ভিত্তিক উদ্ভাবনী অবকাঠামোয় বিনিয়োগ সম্প্রসারণ। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের জন্য গবেষণা তহবিল, শিক্ষার্থী উদ্যোক্তাদের প্রাথমিক অর্থায়ন এবং স্টার্টআপ ইনকিউবেশনে সহায়তা বাড়ানোর ওপরও গুরুত্ব দেন তিনি।

সেমিনারের প্রশ্নোত্তর পর্বে শিক্ষার্থীরা দেশের অর্থনীতি ও করপোরেট খাতের বিভিন্ন চ্যালেঞ্জ নিয়ে প্রশ্ন তোলেন। কর্মসংস্থানে স্বয়ংক্রিয় প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাব, শিক্ষাগত যোগ্যতার সঙ্গে শিল্প খাতের চাহিদার অসামঞ্জস্য, মধ্যবিত্ত পরিবারের আর্থিক চাপ এবং রপ্তানি বহুমুখীকরণের বিষয়গুলো আলোচনায় উঠে আসে।
এ ছাড়া তৈরি পোশাক খাতের ওপর নির্ভরতা কমানো, বৈশ্বিক অর্থনৈতিক অভিঘাত মোকাবিলায় রাজস্ব প্রস্তুতি, স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের পর স্টার্টআপ ও রপ্তানিমুখী প্রতিষ্ঠানের সম্ভাব্য চ্যালেঞ্জ এবং তরুণ উদ্যোক্তাদের জন্য নতুন সুযোগ সৃষ্টির বিষয়েও আলোচনা করেন অংশগ্রহণকারীরা।

প্রশ্নোত্তর পর্ব সঞ্চালনা করেন বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান ও অর্থায়ন বিভাগের সহযোগী অধ্যাপক এবং বাংলাদেশ সরকারের সাবেক সিনিয়র সচিব অধ্যাপক মো. মোখলেছ উর রহমান। এতে আরও অংশ নেন বিশ্ববিদ্যালয়ের স্কুল অব বিজনেস অ্যান্ড ইকোনমিকসের ডিন ও ইকোনমিকস রিসার্চ প্ল্যাটফর্মের সংশ্লিষ্ট প্রতিনিধিরা।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন এনএসইউর এমবিএ/ইএমবিএ প্রোগ্রামসের পরিচালক অধ্যাপক ড. নাজলী সিদ্দিকী। তিনি জাতীয় বাজেটের সিদ্ধান্ত এবং এর বিস্তৃত অর্থনৈতিক প্রভাব সম্পর্কে শিক্ষার্থীদের ধারণা অর্জনের গুরুত্ব তুলে ধরেন। সমাপনী বক্তব্য ও ধন্যবাদ জ্ঞাপন করেন হিসাববিজ্ঞান ও অর্থায়ন বিভাগের সিনিয়র লেকচারার এবং এনএসইউ ইয়েসের ফ্যাকাল্টি অ্যাডভাইজার মির্জা এম. ফেরদৌস।