অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলি বসতিগুলোর ওপর বৃটেনের নিষেধাজ্ঞার জবাবে পাল্টা পদক্ষেপ নেয়ার ঘোষণা দিয়েছে তেল আবিব। ইসরাইলি পররাষ্ট্রমন্ত্রী গিদিওন সা’আর পূর্ব জেরুজালেমে বৃটিশ কনস্যুলেট বন্ধ করে দেয়ার ঘোষণা দিয়েছেন। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
এদিন সা’আর জানান, পূর্ব জেরুজালেমে বৃটিশ কনস্যুলেট বন্ধের পাশাপাশি ইসরাইলে অবস্থিত যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন গাজা সমন্বয় মিশন থেকেও লন্ডনকে বাদ দেওয়া হবে।
এ ছাড়া অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনি কর্তৃপক্ষের নিরাপত্তা বাহিনীকে প্রশিক্ষণ দেয়ার সুযোগও বৃটেন আর পাবে না বলে জানিয়েছেন তিনি।
প্রতিবেদনে বলা হয়েছে, ইসরাইলি বসতিগুলোর বিরুদ্ধে বৃটেনের নিষেধাজ্ঞার ঘোষণার পরই এসব পাল্টা পদক্ষেপের কথা জানাল ইসরাইল।
বৃটেন মঙ্গলবার অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলি বসতি থেকে পণ্য আমদানিতে নিষেধাজ্ঞাসহ বসতি সম্প্রসারণে সহায়তাকারী ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দেয়।
