এআই ক্যামেরার নজরে আসছে মহাসড়কের ঢাকা-মাওয়া অংশ

এআই ক্যামেরার নজরে আসছে মহাসড়কের ঢাকা-মাওয়া অংশ

ফন্ট সাইজ:

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পর এবার এআই নজরদারিতে আসছে মহাসড়কের ঢাকা-মাওয়া অংশ। আগামী ১ মাসের মধ্যে এই অংশ এআই নজরদারিতে নিয়ে আসা হচ্ছে।
এর ফলে ঢাকা-মাওয়া, মাওয়া-ঢাকা অংশে সড়ক শৃঙ্খলা অমান্য করলেই স্বয়ংক্রিয়ভাবে মামলা হয়ে যাবে। আবার সড়ক শৃঙ্খলার বাইরেও মহাসড়কে ঘটা অপরাধ দমনেও কাজ করবে এআই ক্যামেরা। বিষয়টি মানবজমিনকে জানিয়েছেন হাইওয়ে পুলিশের অ্যাডিশনাল ডিআইজি মুনতাসীরুল ইসলাম।

চলতি বছর আগস্টের দিকে মহাসড়কে প্রথমবারের মতো 'অটো ফাইন' সিস্টেম চালু করে হাইওয়ে পুলিশ। অবশ্য এআই ক্যামেরায় নজরদারি আরও আগ থেকেই চালু হয়েছে। অটো ফাইন সিস্টেম চালুর পর এআই নজরদারির বিষয়টি আলোচনায় আসে। পাইলটিং ভিত্তিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চালুর পর দেশের অনান্য মহাসড়কেও চালু করার প্রস্তুতি নেয়া হবে বলে জানিয়েছে হাইওয়ে পুলিশ।

সড়ক নিরাপত্তা নিশ্চিতকরণ; মহাসড়কে ট্রাফিক শৃঙ্খলা জোরদার এবং ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে দ্রুত, কার্যকর, স্বচ্ছ ও প্রযুক্তিনির্ভর ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আধুনিক কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) প্রযুক্তিনির্ভর 'অটো ফাইন সিস্টেম' চালু করা হয়েছে।
অ্যাডিশনাল ডিআইজি মুনতাসীরুল ইসলাম বলেন, মহাসড়কে অটো ফাইন সিস্টেম চালুর পর অপরাধ প্রবণতা অনেক কমে গেছে৷ শুধু ট্রাফিক আইন লঙ্ঘন নয়, মহাসড়কে চুরি-ডাকাতির ঘটনাও অনেকটাই শূন্যের কোটায় নেমে এসেছে।