নারী এশিয়া কাপে বল হাতে দারুণ ছন্দে থাকার সুফল পেলেন মারুফা আক্তার। মেয়েদের আইসিসি টি-টোয়েন্টি বোলারদের র্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদে ১৯ ধাপ এগিয়ে ক্যারিয়ার সেরা ১৮তম স্থানে জায়গা করে নিয়েছেন এই তরুণ পেসার। বাংলাদেশের বোলারদের মধ্যে বর্তমানে তিনিই শীর্ষে।
ইন্দোনেশিয়ার বিপক্ষে ৬ রানে ২ উইকেটের পর শ্রীলঙ্কার বিপক্ষে ২১ রান খরচায় ৩ উইকেট শিকার করেন মারুফা। এই ২১ বছর বয়সী তারকার বর্তমান রেটিং পয়েন্ট ৬২২-যা তার ক্যারিয়ারের সেরা অর্জন। এর আগে ২০২৪ সালের মে মাসে ২৩তম স্থানে পৌঁছানোই ছিল তার আগের সর্বোচ্চ সাফল্য। সেবার তার রেটিং পয়েন্ট ছিল ৬০৬।
মঙ্গলবার আইসিসির প্রকাশিত এই হালনাগাদে মারুফার পাশাপাশি আরও বেশ কয়েকজন টাইগার ক্রিকেটারের অগ্রগতি হয়েছে। লঙ্কানদের বিপক্ষে ১ মেডেনসহ মাত্র ১৪ রানে ১ উইকেট নিয়ে ৯ ধাপ এগিয়ে যৌথভাবে ৩৭তম স্থানে উঠেছেন অফ স্পিনার সুলতানা খাতুন। তবে কিছুটা পিছিয়ে পড়েছেন অন্য দুই স্পিনার। ১ ধাপ পিছিয়ে ২১ নম্বরে নেমে গেছেন লেগ স্পিনার রাবেয়া খাতুন এবং ৪ ধাপ পিছিয়ে ৩২ নম্বরে অবস্থান করছেন বাঁহাতি স্পিনার নাহিদা খাতুন।
ব্যাটিং র্যাঙ্কিংয়েও এসেছে সামান্য পরিবর্তন। যদিও সেরা বিশের মধ্যে বাংলাদেশের কোনো ব্যাটার নেই। তবে লঙ্কানদের বিপক্ষে ম্যাচে ৩৪ রানের কার্যকরী ইনিংস খেলে ৩ ধাপ এগিয়ে ৩৬তম স্থানে জায়গা করে নিয়েছেন সোবহানা মোস্তারি। এছাড়া ২৬ রান করা ওপেনার দিলারা আক্তার ৫ ধাপ এগিয়ে উঠেছেন ৬২ নম্বরে। শ্রীলঙ্কার বিপক্ষে মাত্র ৪ রানে আউট হলেও প্রতিদ্বন্দ্বীর অবনতিতে ১ ধাপ এগিয়ে ২১ নম্বরে উঠে এসেছেন বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। তিনিই বর্তমানে বাংলাদেশের ব্যাটারদের মধ্যে সবার ওপরে। আর ১৪ রান করে ৬ ধাপ এগিয়ে যৌথভাবে ৯৬তম স্থানে আছেন ওপেনার জুয়াইরিয়া ফেরদৌস।
এদিকে অলরাউন্ডারদের তালিকায় বাংলাদেশের হয়ে সেরা অবস্থানে আছেন রাবেয়া খান। তার বর্তমান অবস্থান ৩২তম। বোলারদের তালিকায় ভারতের শ্রী চারানি এবং ব্যাটারদের শীর্ষে অস্ট্রেলিয়ার বেথ মুনি নিজেদের জায়গা ধরে রেখেছেন।
