কক্সবাজারের চকরিয়ায় ভিমরুলের কামড়ে নুরুল হক নামের ৪ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় একই এলাকার আরও দুই শিশু গুরুতর আহত হয়েছে। আহতদের মধ্যে একজনকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। গতকাল সকালে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসা ভুক্তভোগী পরিবারের তথ্যের ভিত্তিতে এসব তথ্য জানা গেছে। এর আগে গত রোববার রাতে এ ঘটনা ঘটে। নিহত শিশু নুরুল উপজেলার হারবাং ইউনিয়নের শাল বাগান এলাকার ছিদ্দিক আহমেদের ছেলে। আহতরা একই এলাকার ছিদ্দিক আহমেদের মেয়ে ফাতেমা (১১) ও রাসেলের মেয়ে তাসমিন (৩)। স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ির পাশে খেলার সময় হঠাৎ একঝাঁক ভিমরুল শিশুদের ওপর আক্রমণ করে।
এতে তারা গুরুতর জখম হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক নুরুলকে মৃত ঘোষণা করেন। ফাতেমাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে চমেক হাসপাতালে পাঠানো হয়। অপর শিশু তাসমিন চকরিয়া উপজেলা হাসপাতালেই চিকিৎসাধীন রয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে হারবাং ইউনিয়ন ২ নম্বর ওয়ার্ড ইউপি সদস্য সরওয়ার ওসমান খোকা বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক।
