গোবিন্দগঞ্জে ইউএনও’র ওপর হামলার অভিযোগ

অবৈধ বালু উত্তোলন বন্ধে অভিযান

গোবিন্দগঞ্জে ইউএনও’র ওপর হামলার অভিযোগ

ফন্ট সাইজ:

গাইবান্ধার গোবিন্দগঞ্জে অবৈধ বালু উত্তোলন বন্ধে অভিযানের সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দা ইয়াসমিন সুলতানার ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে। গতকাল সোমবার সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে।

এ সময় করতোয়া নদী থেকে বালু উত্তোলনে ব্যবহৃত একটি ড্রেজার মেশিন ধ্বংসের সময় বালুদস্যু সিন্ডিকেটের সদস্যরা ইউএনওসহ ভ্রাম্যমাণ আদালতের সদস্যদের ওপর হামলা করে।
খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তামশিদ ইরাম খানসহ অতিরিক্ত পুলিশ ফোর্স গিয়ে তাদের উদ্ধার করেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, সোমবার বিকাল ৩টার দিকে উপজেলার ফুলবাড়ী ও দরবস্ত ইউনিয়নের কাটাখালি, হাতিয়াদহ, শাকপালা, বিশ্বনাথপুর ও চকরহিমাপুর, চাঁদপুর খলসী বোয়ালিয়া, সমসপাড়া এলাকায় করতোয়া নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে। এ সময় বালু উত্তোলনের ৪টি মেশিন ধ্বংস করা হয়। অভিযানকালে সন্ধ্যা ৭টার দিকে বিশ্বনাথপুর এলাকায় সৈয়দা ইয়াসমিন সুলতানাসহ ভ্রাম্যমাণ আদালতের সদস্যদের ওপর ইট-পাটকেল নিক্ষেপ করে বালুদস্যুরা। ড্রেজার মেশিন ধ্বংসের সময় হামলায় রাজু শেখ নামে এক শ্রমিক গুরুতর আহত হন। পরে এসিল্যান্ড তামশিদ ইরাম খানসহ পুলিশ ফোর্স গিয়ে তাদের উদ্ধার করেন।
ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দা ইয়াসমিন সুলতানা হামলার বিষয়ে বলেন, ‘দীর্ঘদিন ধরে করতোয়া নদী থেকে ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলন করা হচ্ছিল। স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে কয়েক স্থানে ড্রেজার মেশিন ধ্বংস করা হয়। পরবর্তীতে আমিসহ ভ্রাম্যমাণ আদালতের সদস্যদের ওপর ইট-পাটকেল নিক্ষেপ করা হয়।’
গোবিন্দগঞ্জ থানার ওসি মুহাম্মদ মোজাম্মেল হক বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সবাইকে উদ্ধার করে নিয়ে আসে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।’