দৌলতপুরে চুরি করতে গিয়ে মোবাইল ফোন ফেলে পালালো চোর, থানায় অভিযোগ

ফন্ট সাইজ:

কুষ্টিয়ার দৌলতপুরে একটি বাড়িতে চুরি করতে গিয়ে মোবাইল ফোন ফেলে পালিয়েছে চোর। চুরি করার সময় পরিবারের সদস্যদের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় ওই চোর একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ফেলে যায় বলে থানায় অভিযোগ করা হয়েছে। এ ঘটনায় দৌলতপুর উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের কায়ামারী গ্রামের মো. আলাউদ্দীন (৬৪) গতকাল দুপুরে দৌলতপুর থানায় অজ্ঞাতনামা চোরদের নামে একটি এজাহার দায়ের করেন।
এজাহারে উল্লেখ করা হয়েছে, রোববার দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে আলাউদ্দীনের নাতিছেলে নাঈম, মেয়ে আলেয়া খাতুন ও স্ত্রী শিরিনা খাতুন প্রকৃতির ডাকে ঘর থেকে বের হয়ে ফেরার সময় মোবাইলের আলোতে বাড়ির স্টোররুমের টেবিলের নিচে মানুষের পা দেখতে পান। বিষয়টি দেখে তারা চিৎকার দিলে পরিবারের অন্য সদস্যরা এগিয়ে আসেন।

এ সময় ওই চোর স্টোররুম থেকে বের হয়ে বাড়ির দেয়াল টপকে পালিয়ে যায়। দেয়াল টপকানোর সময় তার ব্যবহৃত একটি কালো রংয়ের অ্যান্ড্রয়েড মোবাইল ফোন পড়ে যায় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। এ ছাড়াও এর আগের রাতে একই এলাকার আলাউদ্দীনের প্রবাসী ভাতিজা আব্দুর রশীদের বাড়ির বারান্দার গ্রিল কেটে ডাকাতির চেষ্টার অভিযোগও করা হয়েছে। এ বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। ঘটনাস্থল ও উদ্ধার হওয়া মোবাইল ফোনের বিষয়ে যাচাই-বাছাই করা হবে। জড়িতদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।