কিশোরগঞ্জে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

ফন্ট সাইজ:

কিশোরগঞ্জে এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া পাঁচ শতাধিক কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। গতকাল দুপুরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা ছাত্রশিবিরের আয়োজনে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃতী শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট ও উপহার তুলে দেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মো. জাহিদুল ইসলাম।

জেলা ছাত্রশিবিরের সভাপতি মুজাহিদ বিল্লাহর সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক মো. রমজান আলী, জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য কর্নেল (অব.) ডা. জেহাদ খান, জেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা মোহাম্মদ আজিজুল হক, সাবেক নায়েবে আমীর অধ্যাপক মোসাদ্দেক ভূঁইয়া ও জামায়াতের নবীন সদস্য সাবেক এমপি মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জন। জেলা ছাত্রশিবিরের সেক্রেটারি আবু আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে জামায়াত ও ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের নৈতিক, আদর্শবান ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে নিজেদের গড়ে তোলার আহ্বান জানান।

এ ছাড়া সংবর্ধিত কয়েকজন শিক্ষার্থী অনুষ্ঠানে তাদের অভিজ্ঞতা ও ভবিষ্যৎ স্বপ্নের কথা তুলে ধরে বাবা-মা, শিক্ষক ও আল্লাহ তায়ালার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। সংবর্ধনা অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত, হামদ-নাত পরিবেশন ও সাংস্কৃতিক পর্বে কবিতা আবৃত্তি, দেশাত্মবোধক গান ও দলীয় সংগীত পরিবেশন করেন শিক্ষার্থীরা। প্রাণবন্ত এই আয়োজন শিক্ষার্থীদের মাঝে নতুন উদ্দীপনা ও অনুপ্রেরণা সঞ্চার করেছে বলে জানান কয়েকজন কৃতী শিক্ষার্থী।