বলিউডে নব্বইয়ের দশক মানেই ছিল গ্যাংস্টার ও আন্ডারওয়ার্ল্ডের দাপট। সেই সময়ে চলচ্চিত্র জগতের অনেক তারকাদেরই নানা হুমকি ও চাপে দিন কাটাতে হতো। তবে সে সময় মৃত্যুর হুমকিকে বিন্দুমাত্র পাত্তা না দিয়ে যে কয়েকজন সাহস দেখিয়েছেন, তাদের মধ্যে অন্যতম 'বলিউড বাদশাহ' শাহরুখ খান। সম্প্রতি প্রখ্যাত পরিচালক সঞ্জয় গুপ্ত এক সাক্ষাৎকারে সেই অজানা ও রোমাঞ্চকর ঘটনাটি প্রকাশ্যে এনেছেন।
১৯৯৭ সালে মহেশ ভাটের ‘ডুপ্লিকেট’ সিনেমার শুটিং চলাকালীন কুখ্যাত গ্যাংস্টার আবু সালেমের সরাসরি হুমকির মুখে পড়েন শাহরুখ। এক গ্যাংস্টার-ঘনিষ্ঠ প্রযোজকের সিনেমায় অভিনয়ে রাজি না হওয়ায় তাকে ফোনে গালাগাল ও চাপ দেওয়া হয়েছিল। কিন্তু অনড় শাহরুখ তাতে নতি স্বীকার করেননি।
সঞ্জয় গুপ্ত জানান, আন্ডারওয়ার্ল্ডের সেই রক্তচক্ষুর সামনে একমাত্র শাহরুখই বুক চিতিয়ে দাঁড়িয়েছিলেন। তিনি সাফ জানিয়ে দিয়েছিলেন, আমি কোনো ছবি করব না, কোনো অনুষ্ঠানেও অংশ নেব না। আমি পাঠান, চাইলে আমাকে গুলি করে দিতে পারেন। কিন্তু ভয় পেয়ে আপনাদের নির্দেশে কাজ করব না।
শাহরুখের এই অকুতোভয় মনোভাব দেখে আন্ডারওয়ার্ল্ড চক্রও একপ্রকার পিছু হটতে বাধ্য হয় এবং ইন্ডাস্ট্রি জুড়ে তার প্রতি সবার সম্মান বহুগুণ বেড়ে যায়। যদিও ওই ঘটনার পর জীবনের নিরাপত্তার স্বার্থে টানা তিন বছর কড়া পুলিশি পাহারায় চলাফেরা করতে হয়েছিল এই তারকাকে। পরবর্তীতে এক সাক্ষাৎকারে শাহরুখ নিজেও স্বীকার করেছিলেন যে, একটি দীর্ঘ সময় তাকে প্রতিনিয়ত প্রাণনাশের হুমকির মুখেই কাজ চালিয়ে যেতে হয়েছিল।
