দেশে গত আগস্ট মাসে ৫১৩টি সড়ক দুর্ঘটনায় ৪৮১ জন নিহত এবং ৬৬৪ জন আহত হয়েছেন। সোমবার সড়ক দুর্ঘটনার এই প্রতিবেদন প্রকাশ করে রোড সেফটি ফাউন্ডেশন।
রোড সেফটি ফাউন্ডেশন ৯টি জাতীয় দৈনিক, ১৭টি অনলাইন নিউজ পোর্টাল, বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়া ও নিজস্ব তথ্যের ভিত্তিতে সড়ক দুর্ঘটনার এই প্রতিবেদন প্রকাশ করে।
এতে বলা হয়, সড়ক দুর্ঘটনায় নিহতের মধ্যে ৬১ জন নারী ও ৫৮ জন শিশু। এর মধ্যে ১৮৩টি মোটরসাইকেল দুর্ঘটনায় ১৭৬ জন নিহত হয়েছেন, যা মোট নিহতের ৩৬ দশমিক ৫৯ শতাংশ।
জুলাই মাসে প্রতিদিন গড়ে ১৩ দশমিক ৪১ জন নিহত হলেও আগস্টে প্রতিদিন গড়ে ১৫ দশমিক ৫১ জন নিহত হয়েছেন। ফলে আগস্টে প্রাণহানি বেড়েছে ১৫ দশমিক ৬৫ শতাংশ বলে ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়।
এতে বলা হয় আরও বলা হয়, সড়কের পাশাপাশি এই সময়ে সাতটি নৌ-দুর্ঘটনায় ৬ জন নিহত ও ৯ জন আহত হয়েছেন। পাশাপাশি ৩৪টি রেলপথ দুর্ঘটনায় ২৭ জন নিহত ও ২৩ জন আহত হয়েছেন।
