আফজাল-মমকে নিয়ে চয়নিকার নাটক

আফজাল-মমকে নিয়ে চয়নিকার নাটক

ফন্ট সাইজ:

নাটক নির্মাণে সাফল্য ও ভালোবাসার ২৫ বছর পূর্ণ করছেন নির্মাতা চয়নিকা চৌধুরী। রজতজয়ন্তীর এই শুভক্ষণে দর্শক ও শুভানুধ্যায়ীদের বিশেষ উপহার দিতে তিনি নিয়ে আসছেন নতুন টেলিফিল্ম ‘সময় একটু থামো’। গাঙচিল ড্রামা অ্যান্ড সিনেমার প্রযোজনায় নির্মিত এই বিশেষ প্রোডাকশনে জুটি বেঁধেছেন বরেণ্য
অভিনেতা আফজাল হোসেন এবং জনপ্রিয় অভিনেত্রী জাকিয়া বারী মম। ইফফাত আরেফিন মাহমুদের মূল গল্পে তৈরি এই টেলিফিল্মটির পটভূমি রচিত হয়েছে ১৫ বছর পর এক নীরব রাতে দু’জন পরিচিত মানুষের আচমকা সাক্ষাৎকে কেন্দ্র করে।

কাহিনীতে দেখা যাবে- একটি টকশো শেষ করে বাড়ি ফেরার পথে প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আয়াজের মুখোমুখি হন একজন সফল আর্কিটেক্ট। দীর্ঘ সময়ের বিরতির পর এই অলৌকিক মুহূর্তটি তাদের পুরনো স্মৃতির দরজা খুলে দেয় এবং একে একে ঘটে যেতে থাকে অদ্ভুত সব মনস্তাত্ত্বিক ও মজার ঘটনা। আফজাল হোসেন ও মম ছাড়াও এতে অভিনয় করেছেন- ফারজানা ছবি, রিয়া এবং অতিথি শিল্পী হিসেবে রোজী সিদ্দিকী। কাজের অভিজ্ঞতা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি আবেগঘন নোট শেয়ার করেছেন চয়নিকা চৌধুরী।

আরও পড়ুন:
অপেক্ষায় মিম

আফজাল হোসেনের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি লেখেন, কাজের প্রতি অগাধ ভালোবাসা আর মানুষকে সম্মানিত করার অসাধারণ শিল্প তিনি এই কিংবদন্তির কাছ থেকেই শিখেছেন। এ ছাড়া, শত ব্যস্ততার মাঝে সময় দেয়ার জন্য মম এবং পুরো প্রজেক্টে পাশে থাকায় প্রযোজক আসিফ ইকবাল ও গাঙচিল পরিবারের প্রতি আন্তরিক ধন্যবাদ জানান নির্মাতা।