বিদ্যুৎ বিল বেশি আসার অভিযোগ তুলে প্রধানমন্ত্রীকে গালিগালাজ ও কটূক্তি করার অভিযোগে কারাবন্দী ইনকিলাব মঞ্চের সদস্য আব্দুল্লাহ সিফাতের জামিন নামঞ্জুর করেছেন আদালত। সোমবার সকালে গাজীপুর মেট্রোপলিটন আদালত-৫ এর বিচারক রাকিবুল হাসানের আদালতে সিফাতের জামিনের আবেদন করা হয়। শুনানি শেষে আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করেন।
এ বিষয়ে সিফাতের পক্ষের আইনজীবী অ্যাডভোকেট মো. রাশেদ বলেন, ‘সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যে আগের একটি মামলায় জড়িয়ে সিফাতকে অহেতুক হয়রানি করা হচ্ছে।’ তিনি বলেন, ‘তার মক্কেলের বিরুদ্ধে আনা অভিযোগের যথাযথ ভিত্তি নেই। তাই জামিনের আবেদন করা হয়েছিল।’
অন্যদিকে, সরকার পক্ষের আইনজীবী অ্যাডভোকেট সিদ্দিকুর রহমান বলেন, ‘পুলিশ তদন্ত করে প্রাথমিকভাবে ঘটনার সঙ্গে সিফাতের সম্পৃক্ততা পাওয়ায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।’
এর আগে বিদ্যুৎ বিল বেশি আসার অভিযোগ তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রধানমন্ত্রীকে নিয়ে গালিগালাজ ও কটূক্তি করার অভিযোগে আব্দুল্লাহ সিফাতকে গত বৃহস্পতিবার আটক করে পুলিশ। পরে তার বিরুদ্ধে মামলা করা হয়। বর্তমানে তিনি কারাগারে রয়েছেন।
