কারারক্ষী ও আইনজীবীর ছদ্মবেশ ধারণ করে অভিনব কৌশলে প্রতারণার মাধ্যমে বিপুল অঙ্কের টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে প্রতারক চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। গ্রেপ্তারকৃতরা হলো- মো. আবদুস সালাম (৪৯) ও মো. সুরুজ (২৬)। বৃহস্পতিবার গাজীপুরে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গতকাল ডিএমপি’র গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপ-কমিশনার মো. আকতার হোসেন এসব তথ্য জানান। ডিএমপি জানায়, গ্রেপ্তারকৃতরা পরস্পর যোগসাজশে দীর্ঘদিন ধরে সরকারি ওয়েবসাইট থেকে বিভিন্ন এলাকার স্থানীয় জনপ্রতিনিধিদের মুঠোফোন নম্বর সংগ্রহ করতেন। পরে ওই জনপ্রতিনিধিদের ফোন করে কৌশলে সংশ্লিষ্ট এলাকার আসামিদের বিষয়ে তথ্য সংগ্রহ করতেন। এরপর আসামিদের পরিবারের সঙ্গে যোগাযোগ করে নিজেদের একজনকে কাশিমপুর কারাগারের প্রধান ফটকের ‘কারারক্ষী সাইফুল’- হিসেবে পরিচয় দিতেন।
বলতেন তাদের নিকটাত্মীয়ের জামিন নির্ধারিত আইনজীবীর মাধ্যমে নয়, বরং মানবাধিকার সংস্থার আইনজীবী ‘সিরাজ’-এর মাধ্যমে হয়েছে। এ সময় আইনজীবী পরিচয়ে কথা বলার জন্য প্রতারক চক্রের অন্য সদস্যের একটি মুঠোফোন নম্বর দেয়া হতো। ভুক্তভোগী ব্যক্তির পরিবারের সদস্যরা ওই নম্বরে ফোন করলে প্রতারক নিজেকে আইনজীবী পরিচয় দিয়ে নরম স্বরে কথা বলতেন এবং জানাতেন, আসামির জামিন হয়েছে। আদালতের অন্যান্য প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করতে হবে এবং তার হাতে সময় কম। এরপর ভুক্তভোগী ব্যক্তিদের কাছাকাছি রয়েছে এমন কোনো দোকানের বিকাশ থেকে নিজস্ব নম্বরে টাকা পাঠাতে বলা হতো। পরিবারের সদস্যরা ওই নম্বরে টাকা পাঠানোর পর প্রতারক টাকা তুলে নিয়ে মুঠোফোন নম্বরটি বন্ধ করে দিতেন এবং মুহূর্তের মধ্যে দোকানের এলাকা থেকে সরে পড়তেন। গ্রেপ্তারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে একাধিক প্রতারণার মামলা রয়েছে বলে জানিয়েছে ডিএমপি।
