কুমিল্লা নগরীর কালিয়াজুড়ী এলাকায় ১৮ বছরের দীর্ঘ দাম্পত্য জীবনের ইতি টেনে নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে এক গৃহবধূ প্রবাসী প্রেমিকের সঙ্গে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় সন্তানকে নিয়ে চরম দুশ্চিন্তায় থাকা স্বামী ফিরে এলে স্ত্রীকে ক্ষমা করে পুনরায় ঘরে তুলে নেয়ার আকুতি জানিয়েছেন। বৃহস্পতিবার রাতে স্ত্রী ও শাশুড়িসহ কয়েকজনের বিরুদ্ধে কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী স্বামী। অভিযুক্ত নারীর নাম শাহিনুর বেগম। তিনি কুমিল্লা নগরীর কালিয়াজুড়ী এলাকার ব্যবসায়ী আবদুস সালামের স্ত্রী। তাদের ১৩ বছরের একটি ছেলে সন্তান রয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, ২০০৭ সালে শাহিনুর বেগমের সঙ্গে আবদুস সালামের বিয়ে হয়। দীর্ঘদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার প্রবাসে থাকা মো. সাহিব নামের এক যুবকের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রাখছিলেন শাহিনুর। বিষয়টি স্বজনদের জানালে স্বামী ও সন্তানকে হুমকি দিতেন তিনি। পরে গত ৩১শে আগস্ট বিকালে স্বামী ব্যবসায়িক কাজে বাইরে থাকার সুযোগে ঘরে থাকা ১ লাখ ৭০ হাজার টাকা ও সাড়ে ৪ ভরি স্বর্ণালংকার নিয়ে উধাও হন শাহিনুর।
সন্ধান না পেয়ে কোতোয়ালি মডেল থানায় লিখিত অভিযোগ করেন আবদুস সালাম। এতে শাহিনুরের মা আলেয়া বেগমের বিরুদ্ধেও প্ররোচনার অভিযোগ আনা হয়।
আবেগপ্লুত কণ্ঠে আবদুস সালাম বলেন, ১৮ বছর একসঙ্গে সংসার করেছি, এভাবে চলে যাবে ভাবিনি। তবে ১৩ বছরের অবুঝ সন্তানের ভবিষ্যতের কথা ভেবে আজও চাই সে ভুল বুঝতে পেরে ফিরে আসুক। ফিরে এলে আমি তাকে মেনে নিতে প্রস্তুত।
কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার জানান, পরকীয়া সংক্রান্ত বিষয় নিয়ে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
