দেশের আট বিভাগের ১৬ জেলা নিয়ে বাংলাদেশ মহিলা সংস্থায় শুরু হয়েছে আন্তঃবিভাগীয় অনূর্ধ্ব-১৬ বালিকা ফুটবল টুর্নামেন্ট। অংশগ্রহণকারী জেলাগুলো হলো : টাঙ্গাইল, কিশোরগঞ্জ, নারায়ণগঞ্জ, রাঙামাটি, খাগড়াছড়ি, চট্টগ্রাম, ময়মনসিংহ, নেত্রকোনা, সাতক্ষীরা, খুলনা, জয়পুরহাট, রাজশাহী, মৌলভীবাজার, সিলেট, পিরোজপুর ও রংপুর।
আজ শুক্রবার জাতীয় মহিলা ক্রীড়া সংস্থা টুর্নামেন্টের উদ্বোধন করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। এসময় তিনি বলেন,‘ ক্রীড়া হচ্ছে এমন একটি আনন্দিত বিষয় যে, যে কোনো মানুষকে তার সুখ-দুখের মধ্যেও আনন্দ দিতে পারে। যখন একটি জাতির শ্রেষ্ঠ ক্রীড়াবিদরা তাদের নৈপুন্য দেখায় তখন সমগ্র জাতির মন আনন্দে ভরে ওঠে। আন্তর্জাতিক ক্ষেত্র তাদের সাফল্যের কথা যখন আমরা জানতে পাই, তখন আমাদের মনটা আনন্দে ভরে উঠে এবং মনে হয় যে আমরা পিছিয়ে পড়া জাতি নই।’
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব আরও বলেন, প্রত্যেকটি ক্ষেত্রেই নারী-পুরুষকে সমানভাবে এগিয়ে যেতে হবে। অন্যথায় আমরা পিছিয়ে যাবো। আমাদের প্রধানমন্ত্রী এই বিষয়টি জোরালোভাবে অনুধাবন করেছেন। এজন্য তিনি নতুন কুড়ি স্পোর্টস করেছেন। যে যোগ্য তাকে সম্মান দেখাতে হবে। প্রতিটি মহানগর, জেলায় জেলায় এধরনের প্রতিযোগিতার আয়োজন করতে হবে। আমাদের জনসংখ্যার অর্ধেক নারী, কিন্তু ক্রীড়ায় তাদের অংশগ্রহণ যদি মাত্র পাচ ভাগ বা ১০ ভাগ হয়, তাহলে সমাজ আগাবে না। আমরা পিছিয়েই থাকবো। নারীদের অংশীদারিত্ব সর্বত্র সমান থাকতে হবে । নারীদেরকে খেলাধুলার আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশর প্রতিনিধত্ব করতে হবে, সুনাম অর্জন করতে হবে।
উদ্বোধনী অনুষ্ঠানের স্বাগত ভাষণে বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার সভাপতি ব্যারিস্টার সারওয়াত সিরাজ শুক্লা বলেন, উগ্র রক্ষণশীলতা, ধর্মান্ধতা, এবং জান্নাতের টিকেট বিক্রয় কারী শক্তির বিরুদ্ধে বাংলাদেশের জাতীয়তাবাদী শক্তিকে এগিয়ে নিয়ে যেতে মেয়েদের খেলাধুলার কোন বিকল্প নেই। এবং এই লক্ষ্যেই বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থা কাজ করে যাচ্ছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছেলন শিরিন সুলতানা, এমপি, সংসদ সদস্য, ঢাকা-২, সংরক্ষিত মহিলা আসন ও জনাব ফরিদা খানম, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, ঢাকা এবং জনাব শামীমা পারভীন, পুলিশ সুপার (এসপি), ঢাকা জেলা ও মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শারমিন আক্তার রত্না।
উল্লেখ্য এই প্রতিযোগিতার মধ্য দিয়ে দেশের কিশোরী ফুটবলারদের সামনে আন্তর্জাতিক ফুটবলের নতুন দরজা খুলছে। এই প্রথম আয়োজিত হয়েছে আন্তঃবিভাগীয় অনূর্ধ্ব-১৬ বালিকা ফুটবল প্রতিযোগিতা।
