‘ছয় মাসেই যারা সরকারকে ব্যর্থ বলে তারাই ব্যর্থ’

ফন্ট সাইজ:

বিএনপির যুগ্ম মহাসচিব ও জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এমরান সালেহ প্রিন্স জ্বালানি সংকটের মধ্যে বিরোধী দলের লংমার্চ নিয়ে প্রশ্ন তুলে বলেছেন, জনস্বার্থে রাজনীতি করলে শুধু গাড়ির সংখ্যা কমানো নয়, বিরোধী দলের উচিত লংমার্চ কর্মসূচিই প্রত্যাহার করা। তিনি বলেন, যেখানে জ্বালানি তেল ও গ্যাসের সংকট চলছে, সেখানে দীর্ঘ পথের কর্মসূচিতে হাজার হাজার গাড়ি ব্যবহার করে বিপুল পরিমাণ জ্বালানি ব্যয় করা কতটা জনস্বার্থসম্মত, সেটিই প্রশ্ন। শুক্রবার সকালে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির শোভাযাত্রা পূর্ব সমাবেশে তিনি এসব কথা বলেন। কর্মসূচির বহরে ব্যবহৃত বিপুল পরিমাণ জ্বালানি যদি গণপরিবহন ও জরুরি প্রয়োজন মেটাতে ব্যবহার করা যায়, তাহলে সরাসরি জনগণ উপকৃত হবে।

রাজনীতি মানুষের জন্য; মানুষের দুর্ভোগ বাড়ানোর জন্য নয়,” বলেন তিনি। প্রিন্স বলেন, একদিকে যদি বলা হয় জনগণের দুর্ভোগ নিরসনের জন্য কর্মসূচি, অন্যদিকে সেই কর্মসূচিতে হাজার হাজার গাড়ি চালিয়ে বিপুল পরিমাণ জ্বালানি ব্যয় করা হয়, তাহলে সেটি স্ববিরোধীতো বটেই, তা জনস্বার্থ বিরোধী এবং জনদূর্ভোগ সৃষ্টিকারী। তিনি সতর্ক করে বলেন, লংমার্চের কারণে জ্বালানি তেল ও গ্যাসের চলমান সংকট আরও ঘনীভূত হয়ে জনদুর্ভোগ বৃদ্ধি পেলে জনগণের মধ্যে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠবেÑতারা কি সংকট সমাধান করতে চায়, নাকি সংকটকে আরও ঘনীভূত করে ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়। তারাকান্দা দক্ষিণ বাজারে ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক এনায়েত উল্লাহ কালামের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব ও ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার, ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট নুরুল হক, উত্তর জেলা ছাত্রদলের সভাপতি নুরুজ্জামান সোহেল, উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাইফুল ইসলাম কামাল, সদস্য সচিব মহিবুল হক টুটুল, উত্তর জেলা যুবদলের সভাপতি শামসুল হক শামসু, উত্তর জেলা মৎস্যজীবী দলের সভাপতি হযরত আলী সাকিব, উত্তর জেলা তাঁতীদলের সদস্য সচিব রৌনক আহমেদ আজিজুর, তারাকান্দা উপজেলা বিএনপির সদস্য সচিব আব্দুস সোবহান তালুকদার, হালুয়াঘাট উপজেলা বিএনপির আহ্বায়ক আসলাম মিয়া বাবুলসহ জেলা উপজেলা ও অঙ্গ-সহযোগী সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

সমাবেশ শেষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা তারাকান্দার প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা বিএনপি কার্যালয়ে যেয়ে শেষ হয়। এমরান সালেহ প্রিন্স, ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক এনায়েত উল্লাহ কালাম, সদস্য সচিব মোতাহার হোসেন তালুকদারসহ জেলা, উপজেলা, পৌর নেতৃবৃন্দ শোভাযাত্রায় অংশ নেন। এদিকে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুক্রবার বিকেলে ময়মনসিংহে জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠী দল আয়োজিত আলোচনা সভায় বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, ছয় মাসেই যারা সরকারকে ব্যর্থ বলে তারা নিজেরাই ব্যর্থ, চোখ থাকতেও তারা অন্ধ। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে জনগণের নির্বাচিত সরকার ফ্যাসিবাদের ধ্বংসস্তূপের ওপর দাঁড়িয়ে পাহাড়সম চ্যালেঞ্জ মোকাবিলা করে দেশ পুনর্গঠন ও জনকল্যাণে কাজ করছে। অথচ বিরোধীদল সরকারের কাজে সহযোগিতা করার পরিবর্তে বিশৃঙ্খলা সৃষ্টি করে দুরভিসন্ধিমূলক রাজনীতি করছে। প্রিন্স বলেন, ছয় মাসে একটি সরকার সফল না ব্যর্থÑতা নির্ণয়ের জন্য ছয় মাস কোনোভাবেই যথেষ্ট সময় নয়। একটি সরকারকে মূল্যায়ন করতে হলে তার দীর্ঘমেয়াদি পরিকল্পনা, বাস্তবায়নের অগ্রগতি, অর্থনীতি পুনর্গঠনের উদ্যোগ, জনকল্যাণমূলক কর্মসূচি এবং জনগণের সমস্যা সমাধানে কার্যকর পদক্ষেপ বিবেচনা করতে হবে। অনুষ্ঠানে প্রিন্স বলেন, বিএনপি ধর্ম-বর্ণ, পাহাড়-সমতল, ভাষা-সংস্কৃতি নির্বিশেষে ক্ষুদ্র-বৃহৎ সকল জনগোষ্ঠীর দল।

বাংলাদেশের প্রতিটি নাগরিকের সমঅধিকার, মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করাই বিএনপির রাজনীতির অন্যতম অঙ্গীকার। সভায় বিএনপি নেতা অ্যাডভোকেট আনোয়ারুল আজিজ টুটুল, জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠী দলের কেন্দ্রীয় সভাপতি অধ্যক্ষ মৃগেন হাগিদক, সাধারণ সম্পাদক শিশির দেও, সহসভাপতি বিধান চন্দ্র বর্মন ও শুভ্রা পন্থ্রা, ট্রাইবাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বিপুল হাজং, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের ময়মনসিংহ দক্ষিণ জেলা শাখার সহসভাপতি অখিল চন্দ্র বর্মনসহ ময়মনসিংহ বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।