তবুও চুপচাপ কিয়ারা

তবুও চুপচাপ কিয়ারা

ফন্ট সাইজ:

‘ফুগলি’ ছবি দিয়ে ২০১৪ সালে বলিউডে ক্যারিয়ার শুরু করেন কিয়ারা আদভানি। পরবর্তীতে ‘কবির সিং’ ও ‘ভুল ভুলাইয়া-২’ ছবির মাধ্যমে আলোচনায় আসেন তিনি। তবে সদ্য মুক্তিপ্রাপ্ত ‘টক্সিক’ ছবির মধ্যদিয়ে সকল আলোচনা ছাড়িয়ে গেছেন তিনি। প্রথমে ছবিটির গান প্রকাশের পর বিতর্কের মুখে পড়েন কিয়ারা। কারণ এতে ব্যাপক খোলামেলা ও ঘনিষ্ঠ দৃশ্যে যশের বিপরীতে অভিনয় করেন তিনি। অনেকেই তার উপস্থিতিকে অপ্রত্যাশিত বলে দাবি করেছেন। অনেকে আবার এমন দৃশ্যে অভিনয় করাকে ‘বাড়াবাড়ি’ বলে আখ্যায়িত করেছেন। ক্যারিয়ারে এতটা সাহসী চরিত্রে এই প্রথমবার অভিনয় করেছেন কিয়ারা।

তবে প্রশংসার চাইতে ছবির মাধ্যমে বিতর্কেই বেশি থেকেছেন তিনি। এদিকে, ছবিটি মুক্তির পর পরই চমক দেখালেও অনেকটাই ঝিমিয়ে গেছে এখন এটি। ধারণা করা হচ্ছিল ছবিটি মুক্তি পেলে ব্যবসা সফলতায় নতুন রেকর্ড তৈরি করতে পারে। কিন্তু সেটি হয়নি। মুক্তির এক সপ্তাহেই বক্স অফিসে ঝিমিয়ে গেছে ছবিটি। আর অতি বিতর্ককেই এর প্রধান কারণ হিসেবে মানছেন বলিউডবোদ্ধারা। এদিকে, কিয়ারা তাকে নিয়ে চলা বিতর্কের বিপরীতে মুখে কুলুপ এঁটেছেন। রয়েছেন চুপচাপ। অনেকেই তার এই চুপচাপ থাকাকে নয়া টেকনিক হিসেবেও উল্লেখ করছেন। এদিকে, বর্তমানে ‘ওয়ার টু’ ছবির শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি। এ ছবিটিতে আবার বিপরীত এক কিয়ারাকে আবিষ্কার করা যাবে।