রাজধানীর গেন্ডারিয়া থানাধীন স্বামীবাগের মুনশিরটেক এলাকায় মাদক কারবারের নিয়ন্ত্রণকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ওয়ারী)। এ সময় তাদের কাছ থেকে দু’টি বিদেশি পিস্তল, দু’টি ম্যাগাজিন, দুই রাউন্ড গুলি, একটি সুইচ গিয়ার চাকু, একটি লোহার তৈরি কাঠের বাটযুক্ত ধারালো ছোরা এবং ১৬০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। বুধবার রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে যাত্রাবাড়ী থানাধীন ধোলাইপাড় এবং মীর হাজীরবাগ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- ফরিদ বেপারী (২৩), মো. সবুজ (২২), সাহাদত হোসেন আলিফ (১৮) এবং রিফাত হোসেন (১৯)। এর আগে রোববার সন্ধ্যা ৭টা থেকে সাড়ে ৭টা পর্যন্ত গেন্ডারিয়া থানাধীন স্বামীবাগের মুনশিরটেক এলাকায় দু’পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। এতে সাধারণ পথচারী ও দোকানদারসহ তিনজন গুলিবিদ্ধ হন। ঘটনার পর গেন্ডারিয়া থানা পুলিশের পাশাপাশি ডিএমপি’র গোয়েন্দা বিভাগ (ওয়ারী) ছায়া তদন্ত শুরু করে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও ব্যবহৃত অস্ত্র উদ্ধারে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রাখা হয়। এরই ধারাবাহিকতায় বুধবার রাত সাড়ে ১১টায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ঘটনার ভিডিও ফুটেজে শনাক্ত অস্ত্রধারী সন্ত্রাসী ও মাদক কারবারিদের অবস্থান শনাক্ত করা হয়। পরে ডিবি ওয়ারী বিভাগের একটি আভিযানিক দল যাত্রাবাড়ী থানাধীন ধোলাইপাড় থেকে দয়াগঞ্জগামী পাকা রাস্তার পাশে ৮ নম্বর পাড়া, গেন্ডারিয়া মীর হাজীরবাগ এলাকায় ইসরাত কনস্ট্রাকশনের নির্মাণাধীন ভবনের নিচতলায় অভিযান পরিচালনা করে চারজনকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারের পর ফরিদের দেহ তল্লাশি করে তার কোমরে গোঁজা অবস্থায় একটি ৭.৬৫ মিমি বিদেশি পিস্তল, একটি স্টিলের ম্যাগাজিন ও দুই রাউন্ড গুলি এবং প্যান্টের সামনের পকেট থেকে ১৬০ পিস ইয়াবা ট্যাবলেটও উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ৪৮ হাজার টাকা। সবুজের দেহ তল্লাশি করে তার কোমরে গোঁজা অবস্থায় একটি ৭.৬৫ মিমি বিদেশি পিস্তল ও একটি স্টিলের ম্যাগাজিন উদ্ধার করা হয়। এ ছাড়া, আলিফের কাছ থেকে একটি সুইচ গিয়ার চাকু এবং রিফাতের কাছ থেকে একটি লোহার তৈরি কাঠের বাটযুক্ত একপাশ ধারালো আঁকাবাঁকা ছোরা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা জানান, তারা একটি সংঘবদ্ধ অবৈধ অস্ত্রধারী, সন্ত্রাসী ও মাদক ক্রয়-বিক্রয় চক্রের সক্রিয় সদস্য। গত ৩০শে আগস্ট স্বামীবাগ এলাকায় গোলাগুলি ও দেশীয় অস্ত্রের মহড়ার ঘটনার সিসিটিভি ফুটেজে তাদের ছবি প্রকাশ পাওয়ার পর তারা বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের গ্রেপ্তারে ডিবি’র গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।
