জনপ্রিয় পডকাস্ট শো ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’ অর্ধশতক পূর্ণ করছে। গত বছরের ২রা আগস্ট মাছরাঙা টেলিভিশন ও রেডিও দিনরাত ৯৩.৬ এফএম-এ যাত্রা শুরু করা এই পডকাস্টের গ্রন্থনা, সঞ্চালনা করছেন রুম্মান রশীদ খান। তিনি বলেন, শনিবার রাত ৯টায় এই পডকাস্টের ৫০তম পর্ব প্রচার হবে। এই বিশেষ পর্বে অতিথি হয়ে আসছেন অসংখ্য কালজয়ী গানের শিল্পী সামিনা চৌধুরী। কাকতালীয়ভাবে এ বছর সংগীত ক্যারিয়ারের ৫০ বছর পূর্ণ করছেন তিনি। ১৯৭৬ সালে বাংলাদেশ টেলিভিশনে শিশু-কিশোরদের প্রতিভা অন্বেষণের প্রতিযোগিতা ‘নতুন কুঁড়ি’-তে দেশের গান গেয়ে প্রথম পুরস্কার পেয়েছিলেন এ শিল্পী।
সামিনা চৌধুরী বলেন, তার গাওয়া কালজয়ী দু’টি গান ‘কবিতা পড়ার প্রহর এসেছে’ ও ‘আমায় ডেকো না ফেরানো যাবে না’ একই দিনে রেকর্ড করেছেন তিনি। সামিনা চৌধুরী ক্যারিয়ারের প্রথম প্লেব্যাক করেছিলেন ‘জন্ম থেকে জ্বলছি’ সিনেমায়। সেই সিনেমার ‘একবার যদি কেউ ভালোবাসতো’ গানের জন্য প্রথমবারের মতো শ্রেষ্ঠ শিল্পী হিসেবে বাচসাস পুরস্কার পেয়েছিলেন। একই অনুষ্ঠানে ‘নয়নের আলো’ সিনেমার ‘আমার বুকের মধ্যিখানে’ গানের জন্যও পুরস্কৃত হন তিনি। সে সময় এত মানুষের সামনে গান করতে গিয়ে টেনশনে মঞ্চে অজ্ঞান হয়ে পড়ে গিয়েছিলেন তিনি। সামিনা চৌধুরী পডকাস্টে জানান, তিনি ছোটবেলা থেকে গায়িকা নন, ফেরদৌসী মজুমদারের মতো শক্তিশালী অভিনেত্রী হতে চেয়েছিলেন। এ রকম আরও অনেক অজনা কথা জানিয়েছেন তিনি। অনুষ্ঠানটি প্রযোজনায় রয়েছেন জেড আই ফয়সাল।
