টঙ্গীতে ব্যাটারিচালিত রিকশা উল্টে নিহত ১, আহত ২

ফন্ট সাইজ:

টঙ্গীতে ব্যাটারিচালিত রিকশা উল্টে মো. জয়নাল আবেদীন (৫৫) নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২ জন। বুধবার সকাল ৬টার দিকে টঙ্গী-কালিগঞ্জ আঞ্চলিক সড়কের আমতলী জাভান হোটেলের সামনে এ ঘটনা ঘটে।

নিহতের গ্রামের বাড়ি ময়মনসিংহের জেলার নান্দাইলের থানার বাসিন্দা। তিনি টঙ্গীর একটি ওষুধ কোম্পানিতে চাকরি করতেন। পরিবার নিয়ে টঙ্গীর টিঅ্যান্ডটি এলাকায় বসবাস করতেন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বুধবার সকাল ৬টার দিকে জয়নাল আবেদীন কর্মস্থলের উদ্দেশে বাসা থেকে বের হয়ে অটোরিকশায় ওঠেন। গাড়িটি জাভান হোটেলের সামনে পৌঁছালে বেপরোয়া গতির কারণে চালক নিয়ন্ত্রণ হারান। এ সময় ব্যাটারিচালিত রিকশা উল্টে জয়নাল আবেদীন মাথায় গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যান। এতে রিকশায় থাকা আরও দুই যাত্রী আহত হন। আহতদের উদ্ধার করে টঙ্গী সরকারি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

টঙ্গী পূর্ব থানার ওসি মাকসুদুল আলম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়েই পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। দুর্ঘটনার প্রকৃত কারণ ও চালকের অবহেলা খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।