হরমুজ প্রণালি অতিক্রম করার সময় সামুদ্রিক মাইনের আঘাতে দুটি তেলবাহী ট্যাঙ্কার বিকল হয়ে পড়েছে বলে দাবি করেছে ইরানের ইসলামিক রেভ্যুলেশনারি গার্ড করপস (আইআরজিসি)। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। এ খবর দিয়েছে আল জাজিরা।
আইআরজিসির বিবৃতিতে বলা হয়, তেলবাহী ট্যাঙ্কার দুটি তাদের মূল ক্রু সদস্যদের নামিয়ে দিয়ে মার্কিন অপারেটরদের নিয়ন্ত্রণে ছেড়ে দেয়া হয়েছিল। জাহাজটি হরমুজ প্রণালির একটি ‘অবৈধ রুট’ দিয়ে যাওয়ার চেষ্টা করছিল। আইআরজিসি নৌবাহিনীর পক্ষ থেকে আগেই সতর্ক করা হয়েছিল যে, ওই মাইনযুক্ত এলাকা দিয়ে চলাচল অত্যন্ত ঝুঁকিপূর্ণ।
বিবৃতিতে আরও হুঁশিয়ারি দিয়ে বলা হয়, যেসব শিপিং কোম্পানি বৈধ পথ অনুসরণ না করে যুক্তরাষ্ট্রের ফাঁদে পা দিয়ে নিজেদের জাহাজ শত্রুর নিয়ন্ত্রণে ছেড়ে দিচ্ছে, তাদের জন্য দ্বিগুণ শাস্তির বিধান রাখা হয়েছে এবং তা শিগগিরই কার্যকর করা হবে।
