জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, ‘গণমাধ্যমের পক্ষ থেকে কোনো ভালো পরামর্শ এবং ত্রুটি, বিচ্যুতি বা ভুল চোখে পড়লে তা খোলামেলাভাবে জামায়াতকে জানানোর আহ্বান জানানো হয়েছে।’
বুধবার জামায়াতে ইসলামীর আমীর ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সরকারি বাসভবনে ইলেকট্রনিক মিডিয়ার শীর্ষ নির্বাহীদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে এসব কথা বলেন তিনি।
মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন অনুষ্ঠিত গণভোটের গণরায় বাস্তবায়ন না হওয়ায় রাজনৈতিক সংকট তৈরি হয়েছে।’
তিনি আরও বলেন, ‘মতবিনিময় সভার শুরুতে জামায়াত আমীর সবাইকে স্বাগত জানিয়ে বক্তব্য দেন। তিনি মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও তার সাহাবিদের জীবনের কয়েকটি ঘটনা তুলে ধরে বোঝানোর চেষ্টা করেছেন—সমাজ ও সভ্যতার মধ্যে চেতনা, মূল্যবোধ ও আদর্শিক দায়বোধের উদয় হলে মানুষ ও সমাজ পরিবর্তিত হতে পারে।’
গোলাম পরওয়ার বলেন, ‘এরপর আমীরে জামায়াত দেশের মানুষের বর্তমান জনদুর্ভোগের বিভিন্ন বিষয় তুলে ধরেছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের একই দিনে অনুষ্ঠিত গণভোটের গণরায় বাস্তবায়ন না হওয়ায় রাজনীতিতে যে সংকট তৈরি হয়েছে, সেটিও আলোচনায় এসেছে। এ ক্ষেত্রে পার্লামেন্টের ভেতরে ও বাইরে জামায়াতের প্রকাশ্য ও আন্তরিক ভূমিকার কথা তুলে ধরেছেন।’
জামায়াতের এই নেতা বলেন, ‘কয়েকজন গণমাধ্যমপ্রধান বলেছেন, জুলাই সনদের ভিত্তিতে অনুষ্ঠিত গণভোটে বিএনপিসহ সরকারি দল ও বিরোধী দলগুলো একসঙ্গে ছিল। ফলে গণভোটের রায়ের বিষয়ে কেউ যদি ‘নোট অব ডিসেন্ট’ দিয়ে ভিন্নমত পোষণ করেন, তাহলে তাদের অবস্থান পরিষ্কার করা উচিত। তাদের পরামর্শ ছিল—গণভোটের রায় মেনে নিতে হবে; আর যদি কেউ তা না মানেন, তাহলে স্পষ্টভাবে বলতে হবে যে তারা গণভোটের রায় মানবেন না।’
চলমান সংকটের কথা তুলে ধরে পরওয়ার বলেন, ‘দেশের জনজীবনে বিদ্যমান বিদ্যুৎ ও গ্যাস সংকট, জ্বালানি সংকট, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, সন্ত্রাস এবং দলীয়করণের বিভিন্ন উদাহরণও মতবিনিময় সভায় তুলে ধরা হয়েছে। একই সঙ্গে সংবাদ পরিবেশনের পাশাপাশি জনমত তৈরি, জাতীয় চেতনা ও জাতীয় ঐক্য সৃষ্টিতে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে—এ বিষয়টিও আলোচনায় এসেছে।’
তিনি বলেন, ‘ইলেকট্রনিক মিডিয়ার নানা সমস্যা ও তাদের পেশাগত সংকট তুলে ধরেছেন বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়ার প্রধানরা।’ এ সময় উপস্থিত ছিলেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও সংসদ সদস্য মাওলানা রফিকুল ইসলাম খান ও সংসদ সদস্য শফিকুল ইসলাম প্রমুখ নেতৃবৃন্দ।
