পাতায়ায় নোঙর করেছে মার্কিন রণতরী, যৌনপল্লীতে নিষিদ্ধ সেনারা

পাতায়ায় নোঙর করেছে মার্কিন রণতরী, যৌনপল্লীতে নিষিদ্ধ সেনারা

ফন্ট সাইজ:

থাইল্যান্ডের সৈকত শহর পাতায়ার কাছে নোঙর করেছে যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিংকন। কোনো বন্দরে না থেমে টানা রেকর্ড ২৫০ দিন সমুদ্রে কাটানোর পর এই প্রথম মাটিতে পা রাখবেন রণতরীর সৈন্যরা। এর মধ্য দিয়ে যুদ্ধক্ষেত্রের ক্লান্তি ভুলে কয়েক দিনের বিশ্রাম ও বিনোদনের সুযোগ পাচ্ছেন জাহাজটিতে থাকা প্রায় ৫ হাজার মার্কিন সেনা ও ক্রু সদস্য। দীর্ঘদিন দায়িত্ব পালনকালে সেনাদের মানসিক চাপ, টয়লেট বিকল হওয়া এবং খাদ্য ঘাটতির মতো কঠিন পরিস্থিতির খবর সামনে আসার পর বিশ্রামের অংশ হিসেবে রণতরীটি থাইল্যান্ডে পাঠাল ওয়াশিংটন। ১৯৭৫ সালে সাইগন পতনের পর যুদ্ধক্ষেত্র থেকে এত বিপুলসংখ্যক মার্কিন সেনার একসঙ্গে পাতায়ায় আসার ঘটনা এটিই প্রথম। এ খবর প্রকাশ দিয়েছে বিবিসি।

তবে যেকোনো ধরনের বিতর্ক ও নেতিবাচক শিরোনাম এড়াতে বেশ কিছু কঠোর বিধিনিষেধ আরোপ করেছে যুক্তরাষ্ট্র ও থাইল্যান্ড প্রশাসন। বিশেষ করে যৌনপল্লি হিসেবে পরিচিত পাতায়ার সই-সিক্স এলাকা এবং শহরটির গাঁজার দোকানগুলোতে মার্কিন সেনাদের প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। পাতায়ার মেয়র পোরামাসে এনগাম্পিচেস বিবিসিকে বলেন, ‘এটা তাদের সিদ্ধান্ত, মার্কিন সামরিক বাহিনী তাদের হোমওয়ার্ক সেরে নিয়েছে।’ পতিতাবৃত্তি আইনত নিষিদ্ধ থাকা থাইল্যান্ডের পাতায়া বিশ্বের সবচেয়ে বেশি যৌন পর্যটকদের গন্তব্যের জন্য পরিচিত। সেখানে প্রায় ২৫ হাজার থেকে ৫০ হাজার যৌনকর্মী কাজ করে বলে ধারণা করা হয়। সাগরে প্যারাসেইলিং ও ওয়াটার স্কুটার চালানোর মতো ঝুঁকিপূর্ণ খেলাধুলা থেকেও জাহাজটির সেনাদের দূরে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

নিরাপত্তা নিশ্চিতে শহরজুড়ে শত শত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছে যেন মার্কিন সেনাদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায় না করা হয়। আগামী ৬ সেপ্টেম্বর রণতরীটি প্রশান্ত মহাসাগর হয়ে স্বদেশের উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে।