মুক্তি পেলেন বাংলাদেশে মৃত্যুদণ্ডপ্রাপ্ত বতসোয়ানার নারী মাদক কারবারি

মুক্তি পেলেন বাংলাদেশে মৃত্যুদণ্ডপ্রাপ্ত বতসোয়ানার নারী মাদক কারবারি

ফন্ট সাইজ:

মাদক চোরাচালানের দায়ে বাংলাদেশে মৃত্যুদণ্ডপ্রাপ্ত বতসোয়ানার নাগরিক লেসেদি মোলাপিসি চার বছর কারাভোগের পর অবশেষে মুক্তি পেয়েছেন। বতসোয়ানা সরকারের দীর্ঘদিনের কূটনৈতিক তৎপরতা এবং দেশটির প্রেসিডেন্টের বিশেষ আবেদনের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ সরকার তাকে ক্ষমা প্রদর্শন করলে তিনি মুক্তি পান। মঙ্গলবার দেশটির প্রেসিডেন্টের কার্যালয়ের এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে বলে জানিয়েছে দ্যা সাউথ আফ্রিকান।

২০২২ সালের ২৩ জানুয়ারি তিন কেজিরও বেশি হেরোইনসহ ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গ্রেপ্তার হন লেসেদি মোলাপিসি। পরবর্তী সময়ে বিচারিক প্রক্রিয়া শেষে ২০২৪ সালের ২৭ মে বাংলাদেশের একটি আদালত তাকে মৃত্যুদণ্ড দেয়। তবে বতসোয়ানার প্রেসিডেন্ট দুমা গিডিয়ন বোকো ব্যক্তিগতভাবে মোলাপিসির সাজা মওকুফ ও ক্ষমার আবেদন জানান। রাষ্ট্রপতির নির্দেশনায় দেশটির আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক মন্ত্রী ড. ফেনিয়ো বুতালে বাংলাদেশের তৎকালীন অন্তর্বর্তীকালীন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে কূটনৈতিক আলোচনা চালান।

একই সঙ্গে ভারত ও দক্ষিণ আফ্রিকায় নিযুক্ত বতসোয়ানার দূতাবাস এবং স্থানীয় ও আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোও তার আইনি সহায়তায় যুক্ত ছিল।
এর আগে ২০২৫ সালের মার্চে মোলাপিসির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে বলে ভুয়া খবর ছড়িয়ে পড়লে তা নিয়ে তীব্র উদ্বেগ তৈরি হয়েছিল। পরবর্তীতে তার পরিবার জানায় তিনি জীবিত আছেন এবং কারাগারে রয়েছেন। মোলাপিসিকে ক্ষমা প্রদর্শন করায় বাংলাদেশ সরকারকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছে বতসোয়ানা সরকার। এক বিবৃতিতে দেশটি জানায়, এই পদক্ষেপ দুই দেশের পারস্পরিক শ্রদ্ধা ও দ্বিপক্ষীয় সুসম্পর্কের প্রতিফলন।