ফ্ল্যাট বিক্রি নিয়ে প্রতারণার অভিযোগে দুই বছরের সাজার রায়ের বিরুদ্ধে আপিল করেছেন সাবেক প্রেসিডেন্ট হুসাইন মুহাম্মদ এরশাদের সাবেক স্ত্রী বিদিশা সিদ্দিক। তবে আদালত তা নামঞ্জুর করেননি। ফলে কারাগারেই থাকতে হচ্ছে বিদিশাকে।
বুধবার শুনানি শেষে আপিল গ্রহণ করলেও জামিন আবেদনের নাকচ করে দেন ঢাকা মহানগর দায়রা জজ শাহজাহান কবির ।
বিদিশার পক্ষে ঢাকা বারের সভাপতি আনোয়ার জাহিদ ভূঁইয়াসহ কয়েকজন আইনজীবী এদিন জামিন চেয়ে শুনানি করেন। জামিনের বিরোধিতা করেন বাদীপক্ষে অ্যাডভোকেট হেমায়েত উদ্দিন খান (হিরণ)।
ফ্ল্যাট বিক্রি নিয়ে প্রতারণা মামলায় গত ২০ মে বিদিশাকে দুই বছরের সাজার পাশাপাশি ১০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে এক মাসের কারাদণ্ড দেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জামসেদ আলম।
এরপর ২৫ আগস্ট রাত সাড়ে ৮টার দিকে রাজধানীর গুলশানের একটি রেস্তোরাঁ থেকে বিদিশাকে গ্রেপ্তার করে পুলিশ। পরদিন তাকে ঢাকার সিএমএম আদালতে হাজির করা হয়।
উল্লেখ্য, রাজধানীর বারিধারার প্রেসিডেন্ট পার্কের একটি ফ্ল্যাট বিক্রি করা নিয়ে প্রতারণার অভিযোগে ২০০৮ সালে গুলশান থানায় ওই মামলা করেছিলেন মোশাররফ হোসেন সিকদার নামের এক ব্যবসায়ী।
