লাইপজিগ বিমানবন্দরে ড্রোন হামলার চেষ্টা, রুশ কনস্যুলেট বন্ধ করল জার্মানি

জার্মানিজুড়ে উচ্চ নিরাপত্তা সতর্কতা জারি

লাইপজিগ বিমানবন্দরে ড্রোন হামলার চেষ্টা, রুশ কনস্যুলেট বন্ধ করল জার্মানি

ফন্ট সাইজ:

পূর্ব জার্মানির লাইপজিগ বিমানবন্দরে গত মাসে বিস্ফোরকভর্তি ড্রোন হামলার চেষ্টার জন্য সরাসরি রাশিয়াকে দায়ী করেছে বার্লিন। এর জবাবে বন শহরে রুশ কনস্যুলেট ও বার্লিনের রাশিয়ান হাউস সাংস্কৃতিক কেন্দ্র বন্ধের নির্দেশ দেওয়ার পাশাপাশি রুশ নাগরিকদের ওপর কড়াকড়ি আরোপ করেছে দেশটি। একই সঙ্গে জার্মানি জুড়ে নিরাপত্তা সতর্কতার মাত্রা সাধারণ থেকে বাড়িয়ে উচ্চ পর্যায়ে উন্নীত করা হয়েছে। এ খবর প্রকাশ করেছে বিবিসি ও সিএনএন।

গত ৪ আগস্ট ইউক্রেনীয় কার্গো বিমানের কাছে বিস্ফোরক ভর্তি একটি ড্রোন উদ্ধার করা হয়, যা ডেটোনেটর ত্রুটির কারণে বিস্ফোরিত হতে পারেনি। জার্মানির স্বরাষ্ট্রমন্ত্রী আলেকজান্ডার ডোব্রিন্ডট ও পররাষ্ট্রমন্ত্রী ইয়োহান ভাডেফুল জানান, গোয়েন্দা তথ্যে রুশ সংশ্লিষ্টতার অকাট্য প্রমাণ মিলেছে এবং ইউরোপজুড়ে হাইব্রিড হামলার শিকার হচ্ছে জার্মানি। ন্যাটো প্রধান মার্ক রুটে ও ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ নেতৃত্ব জার্মানির এই কঠোর পদক্ষেপকে সমর্থন জানিয়েছে।

অন্যদিকে এই অভিযোগকে সম্পূর্ণ অযৌক্তিক আখ্যা দিয়ে প্রত্যাখ্যান করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি দাবি করেন, মস্কোকে জড়াতে জার্মানি নিজেই এসব আলামত সাজিয়েছে। একই সঙ্গে জার্মানির বিরুদ্ধে পাল্টা কূটনৈতিক ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছে মস্কো।