আসন্ন স্থানীয় সরকার নির্বাচন ঘিরে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। তালিকা অনুযায়ী, স্থানীয় সরকার নির্বাচনে ভোট দেয়ার সুযোগ পাবেন ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ জন ভোটার। গতকাল নির্বাচন ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ইসি সচিব আখতার আহমেদ। তিনি জানান, চলতি বছরের ৩১শে জুলাই পর্যন্ত যাদের বয়স ১৮ বছর পূর্ণ হয়েছে, তাদেরও হালনাগাদ ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।
ইসি জানিয়েছে, ভোটার তালিকা আইন, ২০০৯ অনুযায়ী খসড়া তালিকা প্রকাশের পর ভোটারদের দাবি, আপত্তি ও সংশোধনের আবেদন করার সুযোগ দেয়া হয়। ফরম-৬-এর মাধ্যমে দাবি, ফরম-৭-এর মাধ্যমে আপত্তি এবং ফরম-৮-এর মাধ্যমে সংশোধনের আবেদন নেয়া হয়।
ইসি’র নির্ধারিত সময়সূচি অনুযায়ী, ২৪শে আগস্ট পর্যন্ত এসব আবেদন গ্রহণ করা হয়। পরে ২৭শে আগস্টের মধ্যে আবেদনগুলো নিষ্পত্তি করা হয়। সংশ্লিষ্ট সিদ্ধান্ত ২৮শে আগস্টের মধ্যে ভোটার তালিকায় যুক্ত করার পর সোমবার হালনাগাদ চূড়ান্ত তালিকা প্রকাশ করা হলো। এ ছাড়া নির্বাচন পরিচালনার সুবিধার্থে বা ভোটের সময় পিছিয়ে গেলে নতুন ভোটার নিবন্ধনের সময় বাড়ানো হতে পারে। সেক্ষেত্রে বাদ পড়া যোগ্য ভোটারদের সম্পূরক তালিকায় অন্তর্ভুক্ত করার বিধান রাখা হয়েছে।
এর আগে গত ৯ই আগস্ট খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছিল ইসি। ওই সময় ইসি সচিব জানিয়েছিলেন, হালনাগাদ কার্যক্রমে ৩ লাখ ৯ হাজার ৩১৫ জন নতুন ভোটার যুক্ত হয়েছেন। তখন মোট ভোটার ছিল ১২ কোটি ৮৬ লাখ ৩২ হাজার ৫৫৫ জন।
এদিকে, নির্বাচন কমিশন আগামী সেপ্টেম্বর স্থানীয় সরকার নির্বাচনের তফসিল ঘোষণা করে নভেম্বর থেকে ভোটগ্রহণ শুরু করার পরিকল্পনা করছে। ধাপে ধাপে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের পরিকল্পনা রয়েছে। এর মধ্যে ইউনিয়ন পরিষদ ও পৌরসভার নির্বাচন আগে আয়োজনের বিষয়ে প্রাথমিক পরিকল্পনা নেয়া হয়েছে। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের মধ্যদিয়ে আসন্ন স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের প্রস্তুতিতে নির্বাচন কমিশন আরও এক ধাপ এগিয়ে গেল।
