জামিন পেলেন সালমান এফ রহমান

হত্যার হুমকির মামলা

জামিন পেলেন সালমান এফ রহমান

ফন্ট সাইজ:

হত্যার হুমকির মামলায় জামিন পেয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। গত সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আলমের আদালত শুনানি শেষে এই আদেশ দেন।
আসামিপক্ষের আইনজীবী মো. সজিবুল ইসলাম বলেন, ‘মামলাটির অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। অধিকাংশ ধারায় জামিনযোগ্য হওয়ায় আদালত তার জামিনের আবেদন মঞ্জুর করেন।’

বাংলাদেশ ইনফ্রাস্ট্রাকচার ফাইন্যান্স ফান্ড লিমিটেডের (বিআইএফএফএল) সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তাকে (সিইও) মারধর, প্রাণনাশের হুমকি ও জোরপূর্বক পদত্যাগে বাধ্য করার অভিযোগে ২০২৪ সালের ১৫ সেপ্টেম্বর এ মামলা করা হয়। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি করেন বিআইএফএফএলের সাবেক সিইও এস এম ফরমানুল ইসলাম।
ওই মামলায় সালমান এফ রহমান ছাড়াও সাবেক অর্থসচিব ও সাবেক গভর্নর আব্দুর রউফ তালুকদার এবং জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিমসহ ১২ জনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়।
আদালত সূত্রে জানা যায়, মামলার তদন্তে প্রাপ্ত ৬ আসামির মধ্যে প্রধান আসামি আব্দুর রউফ তালুকদার, আবু হেনা মো. রহমতুল মুনিম, বিআইএফএফএল এর সাবেক কোম্পানি সচিব মো. মনিরুল ইসলাম খান ও সাবেক মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম আগেই জামিন পেয়েছেন। সর্বশেষ সালমান এফ রহমান জামিন পেলেন।
তবে মামলার অপর আসামি বিমান বাংলাদেশের পরিচালনা পর্ষদের সাবেক চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক সচিব সাজ্জাদুল হাসান এখনো পলাতক আছেন।