দাউদকান্দি থেকে মেঘনা টোলপ্লাজা ছাড়িয়ে ৪০ কিলোমিটার যানজট, চরম ভোগান্তি

দাউদকান্দি থেকে মেঘনা টোলপ্লাজা ছাড়িয়ে ৪০ কিলোমিটার যানজট, চরম ভোগান্তি

ফন্ট সাইজ:

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের আষাড়িয়ারচর ব্রিজে সংস্কারকাজের কারণে ভয়াবহ যানজটের সৃষ্টি হয়েছে। শুক্রবার রাত থেকে শুরু হওয়া এই যানজট শনিবার সকাল ১০টা পর্যন্ত প্রায় ৪০ কিলোমিটার এলাকায় ছড়িয়ে পড়েছে। এতে দাউদকান্দি থেকে মেঘনা টোলপ্লাজা হয়ে ঢাকামুখী মহাসড়কের বিভিন্ন অংশে যানবাহনের দীর্ঘ সারি দেখা গেছে।

সকাল ১০টা পর্যন্ত মহাসড়কের ঢাকামুখী লেনে যানবাহন অত্যন্ত ধীরগতিতে চলাচল করছে। অনেক স্থানে গাড়িগুলো দীর্ঘ সময় ধরে প্রায় স্থবির হয়ে আছে। এতে দূরপাল্লার বাসের যাত্রী, পণ্যবাহী পরিবহনের চালকসহ হাজারো মানুষ চরম দুর্ভোগে পড়েছেন।

জানা গেছে, আষাড়িয়ারচর ব্রিজের ঢাকা অভিমুখী লেনের একটি অংশে বড় গর্তের সৃষ্টি হওয়ায় শুক্রবার সকাল ১১টার দিকে সড়ক বিভাগ সংস্কারকাজ শুরু করে। কাজ চলাকালে মহাসড়কের একটি লেন বন্ধ রেখে অপর লেন দিয়ে পর্যায়ক্রমে যানবাহন চলাচল করানো হচ্ছে। এতে সড়কে যানবাহনের চাপ বাড়তে থাকে। রাতের দিকে অতিরিক্ত যানবাহনের চাপ সামলাতে না পেরে যানজট দীর্ঘ হতে থাকে। একপর্যায়ে যানজট দাউদকান্দি, মেঘনা টোলপ্লাজা ছাড়িয়ে প্রায় ৪০ কিলোমিটার এলাকায় ছড়িয়ে পড়ে। এতে ঢাকা অভিমুখে চলাচলকারী যানবাহনের যাত্রীরা ঘণ্টার পর ঘণ্টা সড়কে আটকে পড়েন।

দীর্ঘ যানজটে আটকে থাকা একাধিক চালক ও যাত্রী জানান, ব্রিজ এলাকায় পৌঁছানোর পর গাড়ির গতি একেবারে কমে যাচ্ছে। অনেক সময় গাড়ি এক জায়গায় দাঁড়িয়ে থাকছে। দীর্ঘ সময় সড়কে আটকে থাকায় বিশেষ করে নারী, শিশু ও বয়স্ক যাত্রীরা বেশি দুর্ভোগে পড়েছেন।

দাউদকান্দি হাইওয়ে থানার ওসি প্রেম দাস রায় জানান, আষাড়িয়ারচর ব্রিজ এলাকায় সড়ক সংস্কারকাজের কারণে যানজটের সৃষ্টি হয়েছে। এ বিষয়ে কাঁচপুর হাইওয়ে থানা বিস্তারিত বলতে পারবে।

কাঁচপুর হাইওয়ে থানার ওসি সফিউল ইসলাম বলেন, ‘আষাড়িয়ারচর এলাকায় মহাসড়কের একটি লেনে সড়ক বিভাগ জরুরি সংস্কারকাজ করছে। ফলে অপর লেন দিয়ে পর্যায়ক্রমে যানবাহন চলাচল করায় যানজট সৃষ্টি হয়েছে।’

তিনি বলেন, ‘যানবাহন চলাচল স্বাভাবিক করতে এবং যানজট নিয়ন্ত্রণে হাইওয়ে পুলিশের একাধিক দল নিরবচ্ছিন্নভাবে কাজ করছে।’