নেপালে ভয়াবহ ভূমিধসে প্রাণহানির সংখ্যা ৬০০ ছুঁইছুঁই। এখনো নিখোঁজ রয়েছেন প্রায় দুই হাজার মানুষ। এমন ভয়াবহ পরিস্থিতির মধ্যেই দেশটিতে শুটিংয়ে থাকা ঢাকাই চিত্রনায়িকা অপু বিশ্বাস ও তার নতুন সিনেমা ‘শিকার’ এর পুরো ইউনিট পড়েছিল বিপাকে। পরিস্থিতি বিবেচনায় নেপালে শুটিং স্থগিত করে দেশে ফিরেছে সিনেমাটির টিম।
শুক্রবার রাতে ঢাকায় ফিরে নেপালের ভয়াবহ অভিজ্ঞতার কথা গণমাধ্যমকে জানান অপু বিশ্বাস। তিনি জানান, পুরো টিম নিরাপদেই ছিল। তবে একসঙ্গে সবাইকে নিয়ে দেশে ফেরার বিষয়টি কিছুটা চ্যালেঞ্জিং ছিল। অপু বলেন, নেপালে থাকা অবস্থায় আমরা বড় ধরনের কোনো সমস্যায় পড়িনি। শেষ পর্যন্ত নিরাপদে দেশে ফিরতে পারায় শান্তি লাগছে। এ দুর্যোগটা আসলে খুবই দুঃখের এবং খুবই কষ্টের, যেটা আসলে ভাষায় প্রকাশ করার মতো নয়। কারণ হতাহতরা হয়তোবা আমার আপনজন নয়, কিন্তু তারা আমার আপন এবং আপনাদেরও আপন। তিনি আরো বলেন, আসলে সত্যি বলতে গেলে, যাদের খুব বড় ক্ষতি হয়, এটা তারাই বলতে পারে এবং যেহেতু আমরা স্বচক্ষে নেপালিদের কথা শুনেছি, আজাহারি দেখেছি, এটা ভাষায় কীভাবে বলব, এটা আমার জানা নেই।
