ইসলামি সহযোগিতা সংস্থা ওআইসির নতুন মহাসচিব হিসেবে নির্বাচিত হয়েছেন মৌরিতানিয়ার কূটনীতিক ইসমাইল উলদ শেখ আহমেদ। সংস্থার ৫৭ সদস্য দেশের পররাষ্ট্রমন্ত্রীরা ভোট দিয়ে তাকে নির্বাচিত করেছেন। এ খবর দিয়েছে অনলাইন গালফ নিউজ। বৃহস্পতিবার অনুষ্ঠিত নির্বাচনে তিনি বর্তমান মহাসচিব চাদের হুসেইন ইব্রাহিম তাহার’কে পরাজিত করে তার স্থলাভিষিক্ত নির্বাচিত হন। তাহা ২০২১ সালের নভেম্বরে দায়িত্ব গ্রহণ করেন এবং তার মেয়াদ ২০২৬ সালের নভেম্বরে শেষ হওয়ার কথা। তিন দশকেরও বেশি সময় ধরে আন্তর্জাতিক কূটনীতিতে কাজ করা উলদ শেখ আহমেদ জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠানে দায়িত্ব পালন করেছেন। মধ্যপ্রাচ্য ও আফ্রিকার বেশ কিছু জটিল রাজনৈতিক ও নিরাপত্তা সংকট মোকাবিলায়ও তার অভিজ্ঞতা আছে। এবার তিনি সৌদি আরবের জেদ্দায় অবস্থিত ওআইসির সদর দপ্তর থেকে দায়িত্ব পালন করবেন। ওআইসির সনদ অনুযায়ী, মহাসচিবের মেয়াদ পাঁচ বছর এবং তা একবার নবায়নযোগ্য। পররাষ্ট্রমন্ত্রীদের কাউন্সিল মহাসচিব নির্বাচন করে থাকে। এ ক্ষেত্রে ভৌগোলিক ভারসাম্য, পালাক্রমে দায়িত্ব প্রদান ও সমান সুযোগের পাশাপাশি প্রার্থীর দক্ষতা, সততা ও অভিজ্ঞতাকেও গুরুত্ব দেয়া হয়। সংস্থাটির সনদে আরব, আফ্রিকান ও এশীয় গোষ্ঠীর মধ্যে মহাসচিব পদ বণ্টনের কোনো নির্দিষ্ট ধারাবাহিকতা নির্ধারণ করা হয়নি। বরং ন্যায্য ভৌগোলিক প্রতিনিধিত্ব ও পালাক্রমের নীতি অনুসরণ করে প্রার্থী বাছাই করা হয়। উলদ শেখ আহমেদের প্রার্থিতার প্রতি এরই মধ্যে আফ্রিকা মহাদেশের সমর্থন ছিল। এ বছরের ফেব্রুয়ারিতে আফ্রিকান ইউনিয়ন আনুষ্ঠানিকভাবে ২০২৭-২০৩২ মেয়াদের জন্য ওআইসির মহাসচিব পদে তার প্রার্থিতাকে সমর্থন দেয়। সেখানে মৌরিতানিয়াকে উত্তর আফ্রিকা অঞ্চলের দেশ হিসেবে উল্লেখ করা হয়। তার নির্বাচনের মধ্য দিয়ে বিশ্বের অন্যতম বৃহৎ আন্তঃসরকারি সংগঠন ওআইসির নেতৃত্বে একজন মৌরিতানীয় কূটনীতিক আসছেন। মধ্যপ্রাচ্য, আফ্রিকা ও এশিয়াজুড়ে বিস্তৃত ওআইসির সদস্যসংখ্যা ৫৭। সদস্য দেশগুলোর বড় অংশ মুসলিম-সংখ্যাগরিষ্ঠ।
ওআইসি’র নতুন মহাসচিব নির্বাচিত হলেন মৌরিতানিয়ার ইসমাইল উলদ শেখ আহমেদ
মানবজমিন ডেস্ক
বিশ্বজমিন
১ ঘন্টা আগে
২৯ আগস্ট (শনিবার), ২০২৬, ৮ঃ৫৮ (পূর্বাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
