মর্গেও নেই লাশ রাখার জায়গা

নেপালে বন্যা

মর্গেও নেই লাশ রাখার জায়গা

ফন্ট সাইজ:

কাঁদছে নেপাল। হিমালয় থেকে নেমে আসা ভোটেকোশি নদীর আকস্মিক বন্যা বা হড়পা বানে ভেসে যাওয়া মানুষের মৃতদেহ বিভিন্ন এলাকায় পাওয়া যাচ্ছে। আর এগুলো সংরক্ষণ ও শনাক্তের জন্য উপযুক্ত জায়গা খুঁজে পেতে কর্তৃপক্ষকে হিমশিম খেতে হচ্ছে। কাঠমান্ডু পোস্টের প্রতিবেদনে বলা হয়, নেপাল কর্তৃপক্ষের জন্য এটি একটি চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

 বুধবারের বন্যায় রাসুয়া ও নুয়াকোট এলাকা থেকে ভেসে আসা মৃতদেহগুলো নুয়াকোট ছাড়াও ভাটির দিকের চিতওয়ান, তানাহুন, নাওয়ালপরাসি ও অন্য এলাকায় উদ্ধার করা হয়েছে। নুয়াকোট, ধাদিং ও নাওয়ালপরাসির মর্গে জায়গা ফুরিয়ে আসায় কিছু মৃতদেহ পার্শ্ববর্তী জেলাগুলোতে পাঠানো হয়েছে। পোখারার হাসপাতালগুলোও জানিয়েছে, বিভিন্ন জেলা থেকে মৃতদেহ আসতে থাকায় তাদের মর্গগুলো পূর্ণ হয়ে যাচ্ছে। উদ্ধার লাশের চাপ সামলাতে হাসপাতালগুলো হিমশিম খাওয়ায় চিতওয়ানের ভরতপুরে অস্থায়ী মৃতদেহ সংরক্ষণ কেন্দ্র তৈরির প্রস্তুতি নিচ্ছে কর্তৃপক্ষ।