ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের জাতীয় পার্টির (জাপা) প্রার্থী জিয়াউল হক মৃধা নির্বাচন থেকে সরে যাওয়ার একদিন পর ওই আসনের স্বতন্ত্র প্রার্থী হাঁস প্রতীকের রুমিন ফারহানাকে সমর্থন দিয়েছে দলটি। সোমবার রাত ১০টার দিকে সরাইলের শাহবাজপুরে রুমিন ফারহানার বাসায় এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
জাতীয় পার্টির মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারীর নির্দেশে স্বতঃস্ফূর্তভাবে এ সমর্থন দেয়া হয়েছে বলে জানান দলটির কেন্দ্রীয় সহ-সভাপতি আবদুল হামিদ ভাসানী। তিনি বলেন, ‘জিয়াউল হক মৃধা মিথ্যা মামলা এবং হুমকির মুখে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। ৫ আগস্টের পর মব এবং জাতীয় পার্টির অফিসে বারবার অগ্নিসংযোগ করা হয়। এর প্রথম প্রতিবাদ করেছেন রুমিন ফারহানা।’ এ সময় উপজেলা জাতীয় পার্টির নেতাকর্মীরা তার সঙ্গে ছিলেন।
রুমিন ফারহানা সংবাদ সম্মেলনে তার নেতাকর্মীদের ভয় দেখানোর অভিযোগ করেন। তিনি বলেন, ‘রাতে ফোন করা হচ্ছে, অনেককে বাসায় ডেকে নিয়ে যাওয়া হচ্ছে। বলা হচ্ছে হাঁসের সাথে কাজ করো! ১২ তারিখের পর দেখব, এলাকায় থাকবা না-তখন দেখব। এটা এক ধরনের ভীতির পরিবেশ তৈরি করেছে।’
জাতীয় পার্টিতে যোগ দেবেন কিনা জানতে চাইলে রুমিন ফারহানা বলেন, ‘সেটা এতো আগে বলতে পারব না। আগে আমাকে নির্বাচন করতে হবে, জয়যুক্ত করতে হবে। তারপর এই সিদ্ধান্ত। আপাতত আমাদের সকলের সামনে একটা বিরাট জাতীয় নির্বাচন ১২ তারিখে হতে যাচ্ছে। সেই নির্বাচনে যাতে কোনোভাবেই পেশীশক্তি, কালো টাকা, ভয়-ভীতি, হুমকি-ধামকির কারণে কোনো যোগ্য প্রার্থী ভোটারের ভোট থেকে যেন বঞ্চিত না হয়। ভোটাররা যেন নির্ভয়ে ভোট দিতে পারেন। ফলাফল যেন ঠিকভাবে ঘোষণা করা হয়-সেটাই এখন আমাদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ।’
তবে সংবাদ সম্মেলনে নির্বাচন থেকে সরে দাঁড়ানো জিয়াউল হক মৃধা উপস্থিত ছিলেন না। স্বাধীন ও স্বতঃস্ফূর্তভাবে নির্বাচনী প্রচারণা চালাতে না পারার অভিযোগ এনে রোববার এক প্রেস বিজ্ঞপ্তিতে নির্বাচন থেকে সরে দাঁড়ানের ঘোষণা দেন তিনি।
রুমিন ফারহানাকে জাতীয় পার্টির সমর্থন, নেতাকর্মীদের হুমকির অভিযোগ
স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া/সরাইল প্রতিনিধি
অনলাইন
৪ মাস আগে
১০ ফেব্রুয়ারি (মঙ্গলবার), ২০২৬, ১২ঃ৪২ (অপরাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
