কক্সবাজারের নাজিরারটেকে প্রমোদতরি ডুবে নিখোঁজ নিউজিল্যান্ডের ১৬ বছর বয়সী কিশোর আলবার্টের মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২৫ আগস্ট) সকালে দুর্ঘটনার প্রায় ২৬ ঘণ্টা পর বুধবার (২৬ আগস্ট) বিকাল সাড়ে ৫টার দিকে সাগর থেকে তার মরদেহ উদ্ধার করেন উদ্ধারকারী দলের সদস্যরা।
মঙ্গলবার সকালে নাজিরারটেক পয়েন্টের কাছে প্রবল ঢেউ ও স্রোতের ধাক্কায় নিউজিল্যান্ডের একটি পরিবারের সদস্যদের বহনকারী ‘আইল্যান্ড গার্ল’ নামের প্রমোদতরি ভেঙে দুই টুকরো হয়ে যায়। এ সময় পরিবারের চার সদস্য সাগরে পড়ে যান।
স্থানীয় জেলে ও বাসিন্দাদের সহায়তায় আলবার্টের বাবা ৭৪ বছর বয়সী জন এডওয়ার্ড পুদনে, মা ৩৬ বছর বয়সী বেলা এবং ১৩ বছর বয়সী ভাই রালফকে জীবিত উদ্ধার করা হয়। তবে আলবার্ট নিখোঁজ ছিল।
দুর্ঘটনার পর থেকেই আলবার্টকে উদ্ধারে তৎপরতা শুরু করে ফায়ার সার্ভিস ও কোস্ট গার্ড। পরে মঙ্গলবার রাতে উদ্ধার অভিযানে যোগ দেয় বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ ‘শাপলা’ ও একটি দ্রুতগামী বোট। পাশাপাশি স্থানীয় জেলেরাও নৌকা নিয়ে নিখোঁজ কিশোরের সন্ধানে তল্লাশি চালান।
প্রায় ২৬ ঘণ্টা ধরে চলা এই তল্লাশির পর বুধবার বিকাল সাড়ে ৫টার দিকে আলবার্টের মরদেহ উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া মরদেহ পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
প্রায় দুই বছর ধরে তৈরি করা ‘আইল্যান্ড গার্ল’ বোটটিতে দীর্ঘদিন বসবাসের উপযোগী বিভিন্ন সুবিধা ছিল। পরিবারটি প্রায় আড়াই বছর ধরে বোটটিতে বসবাস করে দেশের বিভিন্ন নদী ও উপকূলীয় এলাকায় চলাচল করছিল বলে জানা গেছে।
মঙ্গলবার সকালে বোটটি মহেশখালী চ্যানেলের মোহনা পেরিয়ে সাগরে প্রবেশের পরপরই প্রবল ঢেউ ও স্রোতের কবলে পড়ে। একপর্যায়ে বোটটির কাঠামো ভেঙে দুই টুকরো হয়ে গেলে পরিবারের চার সদস্য সাগরে পড়ে যান।
কক্সবাজারে প্রমোদতরি ডুবি
২৬ ঘণ্টা পর উদ্ধার নিউজিল্যান্ডের নিখোঁজ কিশোরের মরদেহ
রাসেল চৌধুরী, স্টাফ রিপোর্টার, কক্সবাজার থেকে
অনলাইন
২ ঘন্টা আগে
২৬ আগস্ট (বুধবার), ২০২৬, ৭ঃ৫৪ (অপরাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
