প্রতারণার মামলায় প্রয়াত প্রেসিডেন্ট হুসেইন মুহম্মদ এরশাদের সাবেক স্ত্রী বিদিশা সিদ্দিককে কারাগারে পাঠানো হয়েছে। বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনাঈদ জামিন নামঞ্জুর করে এ আদেশ দেন। এর আগে গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে রাজধানীর গুলশানের এক রেস্টুরেন্ট থেকে বিদিশাকে গ্রেপ্তার করে পুলিশ।
বারিধারার প্রেসিডেন্ট পার্কের একটি ফ্ল্যাট বিক্রি নিয়ে প্রতারণার অভিযোগে ২০০৮ সালের ফেব্রুয়ারিতে গুলশান থানায় বিদিশা সিদ্দিকের বিরুদ্ধে একটি প্রতারণা মামলা হয়। এতে তাকে দুই বছরের কারাদণ্ড দেন আদালত। কারাদণ্ডের পাশাপাশি বিদিশাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে এক মাসের কারাদণ্ড দেয়া হয়।
এ মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল। সে মামলায় গতকাল তিনি গ্রেপ্তার হন। মোশাররফ হোসেন সিকদার নামের এক ব্যবসায়ী মামলাটি করেছিলেন।
ওই মামলায় বিদিশার পক্ষে আইনজীবী আতিকুর রহমান জামিন চান আজ। রাষ্ট্রপক্ষের সহকারী পাবলিক প্রসিকিউটর সৈয়দ গোলাম মর্তুজা ইবনে ইসলাম জামিনের বিরোধিতা করে জেলহাজতে পাঠানোর আবেদন করেন। শুনানি শেষে আদালত আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
