সেভেন সিস্টার্সসহ বিশ্ববাজারে কৃষিপণ্য রপ্তানির বড় সম্ভাবনা বাংলাদেশের

সেভেন সিস্টার্সসহ বিশ্ববাজারে কৃষিপণ্য রপ্তানির বড় সম্ভাবনা বাংলাদেশের

ফন্ট সাইজ:

ভিয়েতনাম ও থাইল্যান্ডের তুলনায় কৃষি প্রক্রিয়াজাত পণ্য রপ্তানিতে অনেক পিছিয়ে রয়েছে বাংলাদেশ। অথচ, ভারতের উত্তর-পূর্বাঞ্চলের সেভেন সিস্টার্সসহ যুক্তরাষ্ট্র ও আফ্রিকার বাজারে এ খাতের পণ্য রপ্তানির বড় সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন দেশের অন্যতম বৃহৎ শিল্পগোষ্ঠী প্রাণ-আরএফএল গ্রুপের পরিচালক (বিপণন) কামরুজ্জামান কামাল। তিনি বলেছেন, স্থলবন্দর জটিলতা, নন-ট্যারিফ বাধা, সহজলভ্য পরিবহনব্যবস্থার অভাব এবং কৃষিতে উত্তম চর্চার ঘাটতির কারণে সেই সম্ভাবনা কাজে লাগানো যাচ্ছে না।

শনিবার রাজধানীর গুলশানে মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির কনফারেন্স রুমে প্রাণ গ্রুপ আয়োজিত ‘বাংলাদেশের দ্বিপাক্ষিক বাণিজ্য ও কৃষি প্রক্রিয়াজাত পণ্যের রপ্তানি সম্প্রসারণ: সম্ভাবনা, চ্যালেঞ্জ ও গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক কর্মশালায় এ কথা বলেন তিনি।
অনুষ্ঠানে ‘বাংলাদেশ কৃষি প্রক্রিয়াজাত শিল্পের বর্তমান প্রেক্ষাপট, রপ্তানির সম্ভাবনা ও চ্যালেঞ্জ’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপনকালে কামরুজ্জামান কামাল বলেন, ভিয়েতনাম, থাইল্যান্ডসহ বিশ্বের বিভিন্ন দেশের তুলনায় কৃষি প্রক্রিয়াজাত পণ্য রপ্তানিতে বাংলাদেশ ব্যাপক পিছিয়ে রয়েছে। অথচ প্রতিবেশী ভারত বাংলাদেশের জন্য বিশাল বাজার। বিশেষ করে দেশটির উত্তর-পূর্বাঞ্চলের সেভেন সিস্টার্সে বাংলাদেশের পণ্য রপ্তানির ভালো সুযোগ রয়েছে।

তিনি বলেন, স্থলবন্দরসংক্রান্ত জটিলতা ও বিভিন্ন নন-ট্যারিফ বাধার কারণে এ বাজারে কাঙ্ক্ষিত সাফল্য আসছে না। যুক্তরাষ্ট্র ও আফ্রিকার বাজারেও বাংলাদেশের কৃষি প্রক্রিয়াজাত পণ্যের ভালো সম্ভাবনা রয়েছে। কিন্তু সহজলভ্য পরিবহনব্যবস্থার অভাবে এসব বাজারে প্রতিযোগিতায় পিছিয়ে পড়তে হচ্ছে।
কামরুজ্জামান কামাল বলেন, কৃষিতে গুড অ্যাগ্রিকালচারাল প্র্যাকটিস (জিএপি) অনুসরণ না করায় ইউরোপের বাজারেও বাংলাদেশ ভালো করতে পারছে না। আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতার সক্ষমতা বাড়াতে কৃষি উৎপাদন থেকে শুরু করে প্রক্রিয়াজাতকরণ ও রপ্তানির প্রতিটি পর্যায়ে প্রয়োজনীয় মান নিশ্চিত করতে হবে। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় সংশ্লিষ্টদের পাশাপাশি সরকারকে বাণিজ্যিক কূটনীতিতে আরও জোর দিতে হবে।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) ভাইস চেয়ারম্যান ও প্রধান নির্বাহী মোহাম্মদ হাসান আরিফ। মূল প্রবন্ধ উপস্থাপন করেন নলেজ হাব ইনস্টিটিউটের প্রেসিডেন্ট ড. খন্দকার গোলাম মোয়াজ্জেম। এ ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক রোবায়েত ফেরদৌস বক্তব্য দেন।