এলডিসি উত্তরণে শুধু সময়ক্ষেপণ নয়, এফটিএ আলোচনায় আগ্রাসী হতে হবে: গোলাম মোয়াজ্জেম

এলডিসি উত্তরণে শুধু সময়ক্ষেপণ নয়, এফটিএ আলোচনায় আগ্রাসী হতে হবে: গোলাম মোয়াজ্জেম

ফন্ট সাইজ:

এলডিসি (স্বল্পোন্নত দেশ) থেকে উত্তরণের পর আন্তর্জাতিক বাজারে রপ্তানি প্রতিযোগিতা ধরে রাখতে বাংলাদেশকে মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ), অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি (পিটিএ) ও অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তির (ইপিএ) আলোচনায় আরও আগ্রাসী হতে হবে। শুধু দেশীয় শিল্প সুরক্ষা ও রাজস্ব হারানোর আশঙ্কায় বাণিজ্য আলোচনায় পিছিয়ে থাকলে ভবিষ্যতে বড় রপ্তানি বাজার হারানোর ঝুঁকি তৈরি হবে।

একই সঙ্গে রপ্তানি পণ্যের বহুমুখীকরণ, সেবা ও বিনিয়োগ খাতকে বাণিজ্য চুক্তিতে অন্তর্ভুক্ত করা এবং সরকারি-বেসরকারি খাতের সমন্বয় ও প্রস্তুতি বাড়ানোর ওপর গুরুত্ব দিয়েছেন নলেজ হাবের প্রেসিডেন্ট খন্দকার গোলাম মোয়াজ্জেম।
শনিবার রাজধানীর গুলশানে মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এমসিসিআই) মিলনায়তনে ‘বাংলাদেশের দ্বিপক্ষীয় বাণিজ্য ও কৃষি প্রক্রিয়াজাত শিল্পের রপ্তানি: সম্ভাবনা, চ্যালেঞ্জ ও গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক কর্মশালায় এসব কথা বলেন তিনি।

প্রাণ-আরএফএল গ্রুপের আয়োজনে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) ভাইস চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হাসান আরিফ। এতে প্রাণ-আরএফএল গ্রুপের পরিচালক কামরুজ্জামান কামালও উপস্থিত ছিলেন।
‘বাংলাদেশের দ্বিপক্ষীয় বাণিজ্য সম্ভাবনা, চ্যালেঞ্জ ও করণীয়’ শীর্ষক প্রতিবেদন উপস্থাপন করে খন্দকার গোলাম মোয়াজ্জেম বলেন, বাংলাদেশকে এখন আর স্বাভাবিকভাবে বাজার সুবিধা পাওয়ার প্রত্যাশায় বসে থাকলে চলবে না। অন্য দেশের সঙ্গে আলোচনা ও দর-কষাকষির মাধ্যমে বাজার সুবিধা আদায় করতে হবে।

তিনি বলেন, বাংলাদেশের এলডিসি উত্তরণ পিছিয়ে দেওয়া হয়েছে, কিন্তু উত্তরণ-সম্পর্কিত প্রস্তুতি ও সংস্কারের কাজ শেষ হয়ে যায়নি। ফলে এ নিয়ে আত্মতুষ্টিতে ভোগার সুযোগ নেই। এতদিন এলডিসি হিসেবে বাংলাদেশ বিভিন্ন দেশে শুল্কমুক্ত ও অগ্রাধিকারমূলক বাজারসুবিধা পেয়েছে। বর্তমানে বাংলাদেশের রপ্তানির প্রায় ৭৩ শতাংশ এসব সুবিধার আওতায় হচ্ছে। এলডিসি-পরবর্তী সময়ে এসব সুবিধা হারালে রপ্তানিতে বড় ধরনের চাপ তৈরি হতে পারে।

খন্দকার গোলাম মোয়াজ্জেম বলেন, বিভিন্ন গবেষণায় এলডিসি উত্তরণের কারণে বাংলাদেশের প্রায় ১৪ দশমিক ৩৭ বিলিয়ন ডলারের রপ্তানি ক্ষতির আশঙ্কা করা হয়েছে। তবে ক্ষতির পরিমাণ নিয়ে ভিন্ন ভিন্ন হিসাব থাকতে পারে। গুরুত্বপূর্ণ বিষয় হলো, অগ্রাধিকারমূলক বাজারসুবিধা হারানোর পর বিভিন্ন বাজারে বাংলাদেশের পণ্যে গড়ে প্রায় ৯ শতাংশ শুল্ক আরোপ হতে পারে। অন্যদিকে ভারত ও ভিয়েতনামের মতো প্রতিযোগী দেশগুলো বিভিন্ন বাণিজ্য চুক্তির আওতায় শূন্য শুল্ক সুবিধা পেতে পারে।

তিনি বলেন, ইউরোপীয় ইউনিয়নের বাজারে বাংলাদেশের পণ্যে প্রায় ১২ শতাংশ, ভারতে ২০ শতাংশ, কানাডায় ১৬ শতাংশ, যুক্তরাষ্ট্রে ১৫ দশমিক ৬ শতাংশ, জাপানে ৯ শতাংশ এবং চীনে ৫ শতাংশ পর্যন্ত এমএফএন শুল্কের মুখোমুখি হওয়ার আশঙ্কা রয়েছে। বাণিজ্য চুক্তির মাধ্যমে এসব শুল্কসুবিধা নিশ্চিত করতে না পারলে বাংলাদেশের প্রতিযোগিতা সক্ষমতা দুর্বল হবে।

বাংলাদেশের প্রস্তুতির ঘাটতি তুলে ধরে তিনি বলেন, ২০১৮ সাল থেকেই এলডিসি উত্তরণের যোগ্যতা অর্জনের বিষয়টি জানা ছিল। এরপরও দীর্ঘ সময় প্রস্তুতি নেওয়ার পরিবর্তে শেষ মুহূর্তে তৎপর হওয়ার প্রবণতা দেখা যাচ্ছে। যুদ্ধের ময়দানে না নামা পর্যন্ত প্রস্তুতি না নেওয়ার মানসিকতা থেকে বেরিয়ে আসতে হবে।
তিনি বলেন, বাংলাদেশের রপ্তানি আয়ের প্রায় ৮০ থেকে ৮১ শতাংশ তৈরি পোশাক খাতের ওপর নির্ভরশীল। এমন রপ্তানি কাঠামো নিয়ে অন্য দেশের সঙ্গে বাণিজ্য আলোচনা করতে গেলে স্বাভাবিকভাবেই সীমাবদ্ধতা তৈরি হয়। কারণ, বাংলাদেশ অন্য দেশের বাজারে নিজের পণ্যের প্রবেশাধিকার চাইলে সেই দেশও বাংলাদেশের বাজারে তাদের পণ্যের প্রবেশাধিকার চাইবে। কিন্তু দেশের বিভিন্ন শিল্প খাতকে সুরক্ষার নামে দীর্ঘ সময় নেতিবাচক তালিকায় রাখার দাবি জানানো হয়। এতে কার্যকর বাণিজ্য চুক্তির সুযোগ কমে যায়।

খন্দকার গোলাম মোয়াজ্জেম বলেন, বাণিজ্য আলোচনায় বাংলাদেশের নীতিগত অবস্থান এখনো অনেকটাই ঝুঁকি এড়ানোর মধ্যে সীমাবদ্ধ। কোন পণ্য আমদানির সুযোগ দিলে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্ত হবে, কোন পণ্যে শুল্ক কমালে রাজস্ব কমবে এসব বিবেচনা প্রাধান্য পাচ্ছে। অথচ বাণিজ্য চুক্তির মাধ্যমে নতুন বাজার, বিনিয়োগ ও রপ্তানি সম্প্রসারণের সুযোগ তৈরির বিষয়টিও সমান গুরুত্ব পাওয়া প্রয়োজন।

সরকারের এলডিসি উত্তরণবিষয়ক প্রস্তুতি নিয়ে তিনি বলেন, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) তৈরি স্মুথ ট্রানজিশন স্ট্র্যাটেজিতে বাজার সুবিধা ধরে রাখা ও রপ্তানি বহুমুখীকরণকে গুরুত্বপূর্ণ কৌশলগত ভিত্তি হিসেবে রাখা হয়েছে। তবে ২০২৪ থেকে ২০২৬ সাল পর্যন্ত এ ক্ষেত্রে দৃশ্যমান অগ্রগতি তুলনামূলক ধীর। সরকারের সমন্বয় কমিটি কাজ শুরু করলেও রপ্তানি সম্প্রসারণের দৃষ্টিকোণ থেকে আরও কার্যকর উদ্যোগ প্রয়োজন।

তিনি বলেন, ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে জিএসপি প্লাস সুবিধা এবং ইপিএ নিয়ে আলোচনা চলছে। কানাডা, চীন ও জাপানের সঙ্গে বাণিজ্য চুক্তির উদ্যোগ রয়েছে। দক্ষিণ কোরিয়া ও সংযুক্ত আরব আমিরাতের সঙ্গেও আলোচনা এগোচ্ছে। আসিয়ান ও আরসিইপি নিয়েও প্রাথমিক পর্যায়ে আলোচনা চলছে। এসব উদ্যোগ ইতিবাচক হলেও বাংলাদেশের আলোচক দলের সক্ষমতা, প্রাতিষ্ঠানিক সমন্বয় এবং সরকারি-বেসরকারি অংশীদারত্ব আরও শক্তিশালী করা জরুরি।
খন্দকার গোলাম মোয়াজ্জেম বলেন, জাতিসংঘের মূল্যায়নেও বাংলাদেশের বাণিজ্য আলোচনার প্রস্তুতি নিয়ে উদ্বেগ উঠে এসেছে। ধীর বাস্তবায়ন, দুর্বল সমন্বয় ও তদারকি এবং রপ্তানি বহুমুখীকরণে প্রত্যাশিত অগ্রগতি না হওয়াকে বড় সমস্যা হিসেবে চিহ্নিত করা হয়েছে। বাণিজ্য আলোচনায় সরকারি কর্মকর্তা, বেসরকারি খাত ও সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের সমন্বয়ে দক্ষ ও কার্যকর আলোচক দল গঠন করতে হবে।

তিনি আরও বলেন, বিভিন্ন সরকারি নীতিমালা ও কৌশলগত পরিকল্পনায় বাণিজ্য চুক্তি সম্পাদনের লক্ষ্য থাকলেও সেগুলোর মধ্যে সময়সীমা ও লক্ষ্যমাত্রার সামঞ্জস্য নেই। কোথাও পাঁচ বছরে একটি চুক্তি, কোথাও বছরে একাধিক অগ্রাধিকারমূলক চুক্তি এবং কোথাও পাঁচ বছরে নয়টি দেশের সঙ্গে চুক্তি সম্পাদনের কথা বলা হয়েছে। ফলে একটি সমন্বিত এফটিএ রোডম্যাপ তৈরি করা প্রয়োজন। কোন দেশের সঙ্গে কী ধরনের চুক্তি হবে, আলোচনার সময়সীমা কত এবং অগ্রগতি কী এসব একটি কাঠামোর মধ্যে আনতে হবে।
বাণিজ্য আলোচনায় শুধু পণ্য বিনিময়ের বিষয় না রেখে সেবা, বিনিয়োগ, শ্রমবাজার ও অভিবাসন এবং ডিজিটাল বাণিজ্যকে অন্তর্ভুক্ত করার পরামর্শ দেন তিনি। তাঁর মতে, বাংলাদেশের সম্ভাব্য বাণিজ্য অংশীদারদের সঙ্গে পণ্য বাণিজ্যে পরিপূরকতার সুযোগ সীমিত। তাই সেবা ও বিনিয়োগ যুক্ত করলে চুক্তিগুলো উভয় পক্ষের জন্য আরও আকর্ষণীয় হতে পারে।

বাংলাদেশের সম্ভাব্য বাণিজ্য অংশীদার হিসেবে চীন, দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া, রাশিয়া, ব্রাজিল, মেক্সিকো, চিলি, আর্জেন্টিনা, দক্ষিণ আফ্রিকা ও চীনা তাইপের নাম উল্লেখ করেন তিনি। এসব দেশের সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্য চুক্তির সম্ভাবনা যাচাই করে দ্রুত উদ্যোগ নেওয়া প্রয়োজন বলে মনে করেন তিনি।
যুক্তরাষ্ট্রের সঙ্গে করা রেসিপ্রোকাল ট্রেড চুক্তির বিভিন্ন শর্ত নিয়েও উদ্বেগ জানান খন্দকার গোলাম মোয়াজ্জেম। তিনি বলেন, জাপানের সঙ্গে ইপিএ তুলনামূলক ভালো হলেও যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তিতে বাংলাদেশের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ শর্ত রয়েছে। এর মধ্যে ১৯ শতাংশ রেসিপ্রোকাল ট্যারিফ, কৃষিপণ্যে স্যানিটারি ও ফাইটোস্যানিটারি (এসপিএস) শর্ত, শ্রমমান, ডিজিটাল বাণিজ্য এবং তৃতীয় দেশের সঙ্গে চুক্তির ক্ষেত্রে বিধিনিষেধের বিষয় রয়েছে।

বিশেষ করে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির নন-মার্কেট ক্লজ ভবিষ্যতে চীন, রাশিয়া ও আরসিইপির দেশগুলোর সঙ্গে বাণিজ্য আলোচনায় বাধা তৈরি করতে পারে বলে মনে করেন তিনি। তাঁর মতে, ভবিষ্যৎ বাণিজ্য চুক্তি করার ক্ষেত্রে এ ধরনের শর্তের প্রভাব গুরুত্ব দিয়ে বিবেচনা করতে হবে।

চীনের বাজারে বাংলাদেশের রপ্তানি প্রত্যাশা অনুযায়ী না বাড়ার কারণ হিসেবে পণ্যের উৎপত্তি বিধি বা রুলস অব অরিজিনের কঠোর শর্তের বিষয়টি তুলে ধরেন তিনি। বলেন, চীনের বাজারে শুল্কমুক্ত সুবিধা থাকলেও অনেক পণ্যের ক্ষেত্রে অন্তত ৩৫ শতাংশ স্থানীয় মূল্য সংযোজনের শর্ত রয়েছে। বাংলাদেশের তৈরি পোশাক খাতে স্থানীয় মূল্য সংযোজনের সীমাবদ্ধতার কারণে এ সুবিধা পুরোপুরি কাজে লাগানো যাচ্ছে না। তাই বাণিজ্য আলোচনায় শুধু পণ্যের তালিকা নয়, স্থানীয় মূল্য সংযোজনের শর্তও নমনীয় করার চেষ্টা করতে হবে।

ভারতের বাজারে অপ্রচলিত পণ্য রপ্তানির বড় সম্ভাবনা রয়েছে উল্লেখ করে তিনি বলেন, ভারত বিভিন্ন পণ্য আমদানি করলেও বাংলাদেশ থেকে সেসব পণ্যের রপ্তানি তুলনামূলক কম। যেমন, ভারত বছরে প্রায় ৪৬১ মিলিয়ন ডলারের বোভাইন লেদার আমদানি করে, যার মধ্যে বাংলাদেশ থেকে যায় মাত্র ১৪ মিলিয়ন ডলারের পণ্য। দেশটি ৮৪৫ মিলিয়ন ডলারের ওষুধ আমদানি করলেও বাংলাদেশ থেকে যায় মাত্র ০.১ মিলিয়ন ডলারের ওষুধ। একইভাবে ব্যাগ, বেকারি পণ্যসহ বিভিন্ন খাতে বাংলাদেশের রপ্তানি বাড়ানোর সুযোগ রয়েছে।
তিনি বলেন, গবেষণা অনুযায়ী ভারতের সঙ্গে এফটিএ হলে বাংলাদেশের মোট রপ্তানি ১৮২ শতাংশ পর্যন্ত বাড়তে পারে। উন্নত যোগাযোগব্যবস্থা নিশ্চিত করা গেলে এ প্রবৃদ্ধির সম্ভাবনা ২৯৭ শতাংশ পর্যন্ত হতে পারে। তাই ভারতের সঙ্গে বাণিজ্য সম্পর্ককে শুধু রাজনৈতিক বিবেচনায় নয়, অর্থনৈতিক সম্ভাবনার ভিত্তিতেও মূল্যায়ন করতে হবে।

দেশীয় কৃষি প্রক্রিয়াজাত পণ্যের রপ্তানি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি। এই অর্থনীতিবিদ বলেন, বাংলাদেশের কৃষি প্রক্রিয়াজাত পণ্যের বড় বাজার থাকলেও এসব পণ্যের রপ্তানি মূলত প্রবাসী ও নির্দিষ্ট জনগোষ্ঠীর ভোক্তাদের মধ্যে সীমাবদ্ধ। আন্তর্জাতিক মূলধারার সরবরাহব্যবস্থায় প্রবেশের জন্য প্রয়োজনীয় মান ও ফাইটোস্যানিটারি শর্ত পূরণে আরও সক্ষমতা তৈরি করতে হবে। পাশাপাশি শুধু একটি বা দুটি প্রতিষ্ঠানের ওপর নির্ভর না করে নতুন রপ্তানিকারক প্রতিষ্ঠান তৈরি করতে হবে।

ভারত-শ্রীলঙ্কা এফটিএর উদাহরণ দিয়ে তিনি বলেন, ১৯৯৮ সালে আলোচনা শুরুর পর মাত্র তিন বছরের মধ্যে চুক্তিটি কার্যকর হয়েছিল। দুই দেশ ধাপে ধাপে পণ্যের তালিকা বাড়িয়েছে এবং পরে আরও বিস্তৃত অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তির দিকে এগিয়েছে। বাংলাদেশেরও বাণিজ্য আলোচনায় অযথা সময়ক্ষেপণ করা উচিত নয়। শ্রীলঙ্কার সঙ্গে একসময় এফটিএ আলোচনার সুযোগ থাকলেও যথাযথ গুরুত্ব না দেওয়ায় সেই সম্ভাবনা দুর্বল হয়েছে।
তিনি বলেন, বাণিজ্য চুক্তিতে অতিরিক্ত সুরক্ষামূলক অবস্থান নেওয়ার পরিবর্তে প্রতিযোগিতার সুযোগ বাড়াতে হবে। শুধু দেশীয় শিল্পকে সুরক্ষা দিয়ে দীর্ঘমেয়াদে রপ্তানি সক্ষমতা তৈরি করা সম্ভব নয়। প্রতিযোগিতা বাড়লে নতুন বিনিয়োগ আসবে, শিল্পের দক্ষতা বাড়বে এবং বিদেশি বিনিয়োগকারীরাও বাংলাদেশে উৎপাদনে আগ্রহী হবেন। তাই এলডিসি উত্তরণ-পরবর্তী চ্যালেঞ্জ মোকাবিলায় এখনই সমন্বিত ও কার্যকর বাণিজ্য কৌশল গ্রহণ করা জরুরি।
অনুষ্ঠানে ইপিবির ভাইস চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হাসান আরিফ বলেন, বাংলাদেশের রপ্তানি ঝুঁকি কমাতে পণ্য ও গন্তব্য উভয় ক্ষেত্রেই রপ্তানি ঝুড়ির বহুমুখীকরণ জরুরি। রপ্তানি পণ্যে বৈচিত্র্য না থাকায় দেশের রপ্তানি আয় একটি নির্দিষ্ট পর্যায়ে আটকে থাকার ঝুঁকি তৈরি হয়েছে। এ পরিস্থিতি থেকে উত্তরণে নতুন পণ্য ও নতুন বাজার অনুসন্ধানে সর্বাত্মক প্রচেষ্টা চালাতে হবে।
তিনি বলেন, দেশের উন্নয়ন প্রচেষ্টায় সরকারি ও বেসরকারি খাতের মধ্যে সমন্বয় ঘাটতি রয়েছে। পাবলিক-প্রাইভেট সহযোগিতার পাশাপাশি গবেষণা প্রতিষ্ঠান, শিক্ষাবিদ ও গণমাধ্যমকেও উন্নয়ন প্রক্রিয়ায় যুক্ত করা প্রয়োজন। গণমাধ্যমের সম্ভাবনা ও সক্ষমতাকে দেশের উন্নয়ন প্রচেষ্টায় কাজে লাগানোর উদ্যোগ আরও বাড়াতে হবে।

প্রাণ-আরএফএল গ্রুপের পরিচালক কামরুজ্জামান কামাল বলেন, বাংলাদেশের রপ্তানি আয়ে তৈরি পোশাক খাতের অবদান অনেক বেশি। এ খাতে বৈচিত্র্য না এলে দেশের রপ্তানি কাঠামো ঝুঁকির মধ্যে থাকবে। তাই রপ্তানি বহুমুখীকরণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি বলেন, তৈরি পোশাকের পর বিশ্ববাজারে কৃষি ও কৃষি প্রক্রিয়াজাত পণ্যের বড় সম্ভাবনা রয়েছে। বাংলাদেশেরও এ খাতে রপ্তানি বাড়ানোর সুযোগ আছে। এ জন্য খাতটির সম্ভাবনা ও চ্যালেঞ্জগুলো চিহ্নিত করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে সুনির্দিষ্ট সুপারিশ তুলে ধরতে হবে। সমস্যাগুলোর সমাধান করা গেলে দেশের সামগ্রিক রপ্তানি বৃদ্ধিতে কৃষি প্রক্রিয়াজাত শিল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে।