দক্ষিণ চীন সাগরে বেইজিংয়ের নতুন সামরিক স্থাপনা!

দক্ষিণ চীন সাগরে বেইজিংয়ের নতুন সামরিক স্থাপনা!

ফন্ট সাইজ:

দক্ষিণ চীন সাগরের পারাসেল দ্বীপপুঞ্জের একটি ছোট দ্বীপে বেইজিংয়ের নতুন সামরিক স্থাপনা নির্মাণ করছে- এমনটি ধরা পড়েছে স্যাটেলাইট চিত্রে। নিরাপত্তা বিশেষজ্ঞরা ধারণা করছেন, এগুলো সম্ভবত রাডার বা আগাম সতর্কীকরণ ব্যবস্থা হিসেবে ব্যবহারের জন্য তৈরি করছে চীন। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এতে করে চীনের সামরিক উপস্থিতি আরও শক্তিশালী হতে পারে জানিয়ে খবরে বলা হয়, ইয়াগং দ্বীপে নতুন নির্মাণকাজের চিত্র স্যাটেলাইটে দেখা গেছে। বাণিজ্যিক স্যাটেলাইট ছবি সরবরাহকারী প্রতিষ্ঠান ভ্যান্টর জানায়, সর্বশেষ ছবি তোলা হয়েছে ১৭ আগস্ট। আরো ছবি বিশ্লেষণ করে দেখা গেছে, ওই নির্মাণকাজ শুরু হয় মার্চ ও এপ্রিলের দিকে।
এই দ্বীপটি অ্যান্টিলোপ রিফের মাত্র ১৪ কিলোমিটার উত্তর-পূর্বে অবস্থিত। প্রতিবেদনে বলা হয়, সেখানে নির্মাণকাজের প্রথম ধাপ ইতিমধ্যে শেষ হয়েছে। প্রায় ৬ কিলোমিটার দীর্ঘ কৃত্রিম দ্বীপটির এক পাশে ৩ কিলোমিটারের বেশি দীর্ঘ সরল উপকূল তৈরি হয়েছে। সেখানে রানওয়ে তৈরি করা হতে পারে এমনটাও ধারণা করছেন বিশ্লেষকরা।
যদিও এই নতুন স্থাপনাগুলোর সুনির্দিষ্ট উদ্দেশ্য এখনো নিশ্চিত নয়। ভ্যান্টরের একজন মুখপাত্র বলেছেন, স্থাপনাগুলোর আকৃতির সঙ্গে দক্ষিণ চীন সাগরের অন্যান্য এলাকায় থাকা সামরিক রাডার ও আগাম সতর্কীকরণ কেন্দ্রের মিল রয়েছে । সিঙ্গাপুরভিত্তিক নিরাপত্তা গবেষক কলিন কোহও মনে করেন, এটি সম্ভবত একটি রাডার স্টেশন। তবে ছোট পরিসরের কারণে এটি স্বতন্ত্র কোনো পর্যবেক্ষণ কেন্দ্রও হতে পারে। চীন অবশ্য সেখানে নতুন সামরিক ঘাঁটি নির্মাণের কথা নিশ্চিত করেনি এখনও। 
১৯৭৪ সালে সাবেক দক্ষিণ ভিয়েতনামের নৌবাহিনীর কাছ থেকে পারাসেল দ্বীপপুঞ্জ দখল করে চীন। ভিয়েতনাম এখনো পুরো দ্বীপপুঞ্জের ওপর নিজেদের দাবি বজায় রেখেছে।