নেপাল-তিব্বতে নিহতের সংখ্যা বেড়ে ১৬০, নিখোঁজ বহু পর্যটক

নেপাল-তিব্বতে নিহতের সংখ্যা বেড়ে ১৬০, নিখোঁজ বহু পর্যটক

ফন্ট সাইজ:

নেপালে আকস্মিক বন্যা, ভূমিধসে নিশ্চিত নিহতের সংখ্যা দাঁড়িয়েছে কমপক্ষে ১৬০। কয়েকশত মানুষ এখনও নিখোঁজ। এর মধ্যে বেশির ভাগই পর্যটক। তবে তাদের মধ্যে কোনো বাংলাদেশি আছেন কিনা তা নিশ্চিতভাবে জানা যায় নি। সাধারণত, কাছের দেশ হওয়ায় অনেক বাংলাদেশি নেপাল ভ্রমণ করেন। বুধবার তিব্বত থেকে নেমে আসা ভোতে কোশি নদীতে আকস্মিক বন্যায় নেপালের রাসুয়া, নুওয়াকোট ও ধাদিং জেলার বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। ভূমিধসে চাপা পড়েছে বহুতল অনেক ভবন। বহু ভবনকে গুঁড়িয়ে দিয়েছে। বন্যার পানি ও পাহাড় থেকে নেমে আসা ধসে পড়া মাটি, পাথরের তোড়ের সামনে যা পড়েছে, তা-ই গ্রাস করেছে।

নেপাল ট্যুরিজম বোর্ড জানিয়েছে, প্রাথমিকভাবে নিখোঁজ হিসেবে তালিকাভুক্ত ৩৮৪ জনের মধ্যে কমপক্ষে ১০৫ জন ভারতীয় নাগরিক। তালিকায় ২৯১ জন বিদেশি নাগরিক ও ৯৩ জন নেপালি নাগরিক রয়েছেন। তবে তালিকাভুক্ত ব্যক্তিদের অবস্থান ও নিরাপত্তা এখনো যাচাই করা হচ্ছে। তালিকায় চিহ্নিত বিদেশি নাগরিকদের মধ্যে ভারতীয়রাই সবচেয়ে বেশি। এ ছাড়া ৩৭ জনকে পৃথকভাবে অনাবাসী ভারতীয় (এনআরআই) হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে। এ খবর দিয়েছে অনলাইন ইন্ডিয়ান এক্সপ্রেস।

নেপালের পররাষ্ট্রমন্ত্রী শিশির খানাল বলেছেন, ভূমিকম্পের কারণে এই আকস্মিক বন্যার সৃষ্টি হয়ে থাকতে পারে। তিনি প্রতিনিধি পরিষদের এক বৈঠকে বলেন, বুধবার সকাল ৮টা ৩৭ মিনিটে একটি ভূমিকম্প হয়। এর ফলে বড় ধরনের ভূমিধস হয়ে নদীর প্রবাহ আটকে যায়, যা থেকে বন্যার সৃষ্টি হয়েছে বলে মনে হচ্ছে। বিশ্বজুড়ে ভূমিকম্পের তথ্য সংরক্ষণকারী মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) একই সময়ে ওই অঞ্চলে ৪ দশমিক ৪ মাত্রার একটি ভূমিকম্প রেকর্ড করেছে।

প্রাথমিক প্রতিবেদন ও ন্যাশনাল ডিজাস্টার রিস্ক রিডাকশন অ্যান্ড ম্যানেজমেন্ট অথরিটির তথ্য অনুযায়ী, তিব্বতের চীনা ভূখণ্ডের শাইলং থেকে রাসুয়া, নুওয়াকোটের ত্রিশূলী ও ধাদিং পর্যন্ত প্রায় ৬০ কিলোমিটার এলাকায় নদীর পানি বহু বসতি ভাসিয়ে নিয়ে গেছে। রাসুয়ায় ভোতে কোশি নদী ত্রিশূলী নদীর সঙ্গে মিলিত হয়েছে।

পুলিশ জানিয়েছে, নিহতের সংখ্যা বেড়ে কমপক্ষে ১৬০ জনে দাঁড়িয়েছে। প্রাথমিকভাবে যেখানে ৯ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছিল, সেখানে কয়েক ঘণ্টার মধ্যেই মৃতের সংখ্যা ব্যাপকভাবে বেড়েছে। বহু গ্রাম পানিতে ভেসে গেছে এবং রাস্তা, সেতু ও বিদ্যুৎ প্রকল্প ক্ষতিগ্রস্ত হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। এলাকার সবচেয়ে পুরোনো ও বড় শিক্ষাপ্রতিষ্ঠান ত্রিভুবন ত্রিশূলা হাইস্কুলও হয় পুরোপুরি ভেসে গেছে, নয়তো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে ওই এলাকা নেপালের অন্য অংশ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক এক কর্মকর্তা বলেন, হতাহতের বিষয়ে কিছু অপ্রমাণিত খবর পাওয়া গেছে। আমরা নির্ভরযোগ্য তথ্য সংগ্রহ করছি। পুলিশের ভাষ্য, তিব্বতে হিমবাহ গলে যাওয়ার কারণে সকাল ৯টা ১৫ মিনিটের দিকে নেপালে ভোতে কোশি নদীতে ভয়াবহ বন্যা দেখা দেয়।

চীনের দিক থেকে পাওয়া তথ্য অনুযায়ী, ভোতে কোশি নদীর পানি কমতে শুরু করলেও নতুন করে বন্যার আশঙ্কা এখনো রয়েছে। বন্যায় ক্ষতিগ্রস্ত রাসুয়া এলাকায় অবস্থান করছিলেন বা ওই এলাকা দিয়ে যাচ্ছিলেন নিখোঁজদের অনেকে। তাদের মধ্যে অনেকেই তিব্বতে কৈলাস-মানস সরোবর যাত্রায় যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন বলে জানা গেছে। ‘দ্য কাঠমান্ডু পোস্ট’-এর প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার প্রায় ৪০০ তীর্থযাত্রীর তিব্বত-চীন সীমান্ত পার হওয়ার কথা ছিল। তাদের বেশিরভাগই ভারতীয়। কিন্তু বন্যার কারণে সড়ক যোগাযোগ ও যোগাযোগব্যবস্থা মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। নেপাল ট্যুরিজম বোর্ড পর্যটক ও তাদের পরিবারের সদস্যদের সতর্ক করে বলেছে, তালিকায় নাম থাকা কারও নিরাপত্তা নিয়ে যাচাই শেষ হওয়ার আগে কোনো সিদ্ধান্তে পৌঁছানো উচিত নয়। ১০টি পর্যটন ও ট্রাভেল এজেন্সির দেয়া তথ্যের ভিত্তিতে প্রাথমিক তালিকাটি তৈরি করা হয়েছে।ট্যুরিজম বোর্ড, ট্যুরিস্ট পুলিশ এবং পর্যটনসংশ্লিষ্ট বিভিন্ন সংস্থা ট্রাভেল এজেন্সি, গাইড, স্থানীয় প্রশাসন ও নিরাপত্তা বাহিনীর সঙ্গে সমন্বয় করে নিখোঁজদের অবস্থান যাচাই করছে। ২৯১ বিদেশি নাগরিকের মধ্যে ১০৫ জন ভারতীয়। এ ছাড়া অস্ট্রেলিয়া, নেদারল্যান্ডস, যুক্তরাষ্ট্র, মালয়েশিয়া, বৃটেন ও দক্ষিণ আফ্রিকার নাগরিকও তালিকায় রয়েছেন। আরও কয়েকজন বিদেশি পর্যটকের জাতীয়তা নিশ্চিত হওয়া যায়নি। ৩৭ জনকে অনাবাসী ভারতীয় (এনআরআই) হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে।

ভোতে কোশি নদীর উৎপত্তি তিব্বতে। এটি নেপালে প্রবেশ করে ত্রিশূলী নদীর সঙ্গে মিলিত হয় এবং পরে ওই নদীর পানি ভারতে গিয়ে গঙ্গার অন্যতম প্রধান উপনদী গণ্ডক নদীতে পরিণত হয়। তবে ঠিক কী কারণে এই ভয়াবহ বন্যা হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

রাসুয়া জেলার তিমুরে ও স্যাফ্রুবেশি এলাকায় বন্যার প্রভাব সবচেয়ে বেশি পড়েছে। বহু গ্রাম, বাজার ও অবকাঠামো ক্ষতিগ্রস্ত বা সম্পূর্ণভাবে ভেসে গেছে। ভোতে কোশি ও ত্রিশূলী নদীর তীরবর্তী বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। কারণ বন্যার পানি নদীর নিম্নাঞ্চলের দিকে প্রবাহিত হচ্ছে।

নেপাল সেনাবাহিনী জানিয়েছে, বুধবার বিকেল পর্যন্ত অন্তত ২৫ জনকে উদ্ধার করা হয়েছে। নিখোঁজদের সন্ধান ও উদ্ধারকাজে হেলিকপ্টার ব্যবহার করা হচ্ছে। তবে নদীতে পানির উচ্চতা এবং সবচেয়ে ক্ষতিগ্রস্ত কিছু এলাকায় পৌঁছানো কঠিন হওয়ায় উদ্ধার অভিযান ব্যাপকভাবে বাধাগ্রস্ত হচ্ছে। 

ভোতে কোশি ও ত্রিশূলী নদী অববাহিকায় আকস্মিক বন্যার পানি বিভিন্ন বসতি ও বাজার এলাকায় ঢুকে পড়ে। এতে ঘরবাড়ি, সড়ক ও সেতু ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়া এলাকাগুলোতে এখনো পৌঁছাতে না পারায় ক্ষয়ক্ষতির পূর্ণ মাত্রা এখনো জানা যায়নি। বন্যায় নেপালের তিব্বতের সঙ্গে ২৬০ বছরেরও বেশি পুরোনো বাণিজ্যপথও ক্ষতিগ্রস্ত হয়েছে। ত্রিশূলী নদীর ওপর অন্তত অর্ধডজন সেতু ভেসে গেছে। এর মধ্যে মালেখু এলাকার সেতুও রয়েছে। ফলে জনপ্রিয় পর্যটনকেন্দ্র চিতওয়ান ও পোখারার দিকে যাতায়াত মারাত্মকভাবে বাধাগ্রস্ত হয়েছে।

নেপালের জ্বালানি মন্ত্রণালয় জানিয়েছে, প্রায় ৪৩০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ক্ষতিগ্রস্ত হয়েছে। এর বেশিরভাগই জলবিদ্যুৎ প্রকল্প। রয়টার্সের হিসাব অনুযায়ী, নেপালের মোট প্রায় ৩ দশমিক ২ গিগাওয়াট জলবিদ্যুৎ সক্ষমতার ১২ শতাংশেরও বেশি এর ফলে ক্ষতিগ্রস্ত হয়েছে। বেশ কয়েকটি জলবিদ্যুৎকেন্দ্র ও বিদ্যুৎ সঞ্চালন অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে।

ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে চিকিৎসক দল ও অ্যাম্বুলেন্স পাঠিয়েছে নেপাল সরকার। জরুরি পরিস্থিতি মোকাবিলায় চিকিৎসা সরঞ্জাম ও প্রয়োজনীয় সামগ্রী পাঠানোর প্রস্তুতি নিচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। কাঠমান্ডুর হাসপাতালগুলোতেও সতর্কতা জারি করা হয়েছে। ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর চিকিৎসা ও স্বাস্থ্যসেবার প্রয়োজনীয়তা মূল্যায়ন করছেন কর্মকর্তারা।

আকস্মিকভাবে পানির এই প্রবল স্রোত কীভাবে তৈরি হলো, তা এখনো নিশ্চিত নয়। নেপালের বন্যা পূর্বাভাস বিভাগ জানিয়েছে, রাসুয়া এলাকায় ভারী বৃষ্টিপাত এই বন্যার কারণ বলে মনে হচ্ছে না। স্যাটেলাইট চিত্রে তিব্বতের দিকে উল্লেখযোগ্য পরিমাণ বৃষ্টিপাতের তথ্য পাওয়া গেছে। কর্মকর্তারা এখন হিমবাহসৃষ্ট হ্রদ ফেটে আকস্মিক বন্যা, ভূমিধসের কারণে নদীর প্রবাহ বন্ধ হয়ে যাওয়া অথবা অন্য কোনো আকস্মিক জলপ্রবাহের সম্ভাবনা খতিয়ে দেখছেন। 

চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়ার তথ্য অনুযায়ী, নেপালের দিকে একটি কাদাধসের প্রভাব তিব্বতের গিয়েরং বন্দরের ওপরও পড়েছে। এটি চীন-নেপাল সীমান্তের গুরুত্বপূর্ণ একটি বাণিজ্য ও যোগাযোগকেন্দ্র। সেখানে সড়ক, যোগাযোগ ও বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হয়েছে এবং হতাহত ও নিখোঁজের খবর পাওয়া গেছে।

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং নিখোঁজদের সন্ধান ও উদ্ধারে ‘সর্বাত্মক’ অভিযান চালানোর নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে তিনি ভবিষ্যতে এ ধরনের দ্বিতীয় দফার দুর্যোগ ঠেকাতে নজরদারি ও আগাম সতর্কীকরণ ব্যবস্থা আরও শক্তিশালী করার আহ্বান জানিয়েছেন।