ক্যান্সারের সঙ্গে পাঁচ বছর ধরে লড়াই করেছেন উপস্থাপিকা ও অভিনেত্রী সামিয়া আফরিন। দীর্ঘ চিকিৎসার পর ফিরেছিলেন স্বাভাবিক জীবনেও। কিন্তু সেই স্বস্তির মধ্যেই তিন মাস আগে তার শরীরে দ্বিতীয়বারের মতো ‘ম্যালিগন্যান্ট টিউমার’ ধরা পড়ে। এবার ওভারিয়ান ক্যান্সার। দ্রুত অস্ত্রোপচার করতে হয়েছে। পরীক্ষায় এটি হাই-গ্রেড কার্সিনোমা হিসেবে শনাক্ত হওয়ায় এখন কেমোথেরাপি নিতে হচ্ছে। রোববার রাতে নিজের ফেসবুক স্ট্যাটাসে ক্যান্সারের সঙ্গে নতুন এই লড়াইয়ের কথা জানিয়েছেন সামিয়া।
তিনি লেখেন, মাত্র তিন মাস আগে আমার শরীরে ধরা পড়ে ওভারিয়ান ক্যান্সার। ইমিডিয়েটলি অপারেশন করতে হয়। দুর্ভাগ্যবশত, এটি ছিল হাই-গ্রেড কার্সিনোমা, তাই এখন আমাকে কেমোথেরাপির মধ্যদিয়ে যেতে হচ্ছে। সামিয়া বলেন, পাঁচ বছর ধরে ক্যান্সারের সঙ্গে যুদ্ধ করছি। প্রথমবার কেমো নিতে হয়নি, ইমিউনোথেরাপির মাধ্যমে চিকিৎসা চলেছিল। এবারের অভিজ্ঞতা তাই আমার কাছে একটু অন্যরকম। কেমোর পার্শ্বপ্রতিক্রিয়ায় তার চুল পড়ে যেতে পারে। সেই ভাবনা থেকেই চুল ছোট করেছেন তিনি।
নতুন হেয়ারকাটের ভিডিও শেয়ার করে লিখেছেন, জানি হয়তো কিছুদিন পর চুল পড়ে যাবে। কিন্তু তার আগেই নিজের এই নতুন লুকটাকে সেলিব্রেট করে নিজেকেই একটু মোটিভেট করতে চাইলাম। ক্যান্সারের চিকিৎসার কঠিন অভিজ্ঞতার কথাও উঠে এসেছে তার লেখায়। সামিয়া লিখেছেন, যারা এই পথের মধ্যদিয়ে গেছেন, তারাই জানেন এই লড়াইটা কতোটা কঠিন। আমি সত্যিই চাই না, আমার কাছের কোনো মানুষকে কখনো এমন একটা জার্নির মধ্যদিয়ে যেতে হোক।
