২২টি দেশের ১০২টা চলচ্চিত্র নিয়ে কলকাতার নন্দন প্রেক্ষাগৃহে রোববার সন্ধ্যায় অনুষ্ঠিত হলো ‘১১তম দুর্গাপুর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’। উৎসবে সেরা স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছে প্রয়াত কবি তারেক মাহমুদের কবিতা অবলম্বনে বাংলাদেশের নির্মাতা জীবন শাহাদাতের পরিচালনায় ‘সম্পর্ক’। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে টিম মেম্বার হিসেবে উপস্থিত ছিলেন এই চলচ্চিত্রে উল্লেখযোগ্য ভূমিকায় থাকা টালিউড অভিনেতা সুদীপ মুখার্জি।
এ প্রসঙ্গে নির্মাতা জীবন শাহাদাত মানবজমিনকে বলেন, এটা আমার জন্য আনন্দ ও একইসঙ্গে গর্বের একটি ব্যাপার। কারণ বাংলাদেশের চলচ্চিত্র দেশের বাইরে পুরস্কার জেতাটা অন্যরকম অনুভূতি দেয়। আসলে পুরস্কার অর্জন সম্মানিত অনুভব করায় বটে, সেইসঙ্গে বাড়িয়ে দেয় দায়িত্ব। চলচ্চিত্রের মাধ্যমে দেশ-বিদেশে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে পারাটা সম্মানের ও গর্বের। আমি বিশ্বাস করি, আমাদের বন্ধুপ্রতিম প্রতিবেশী দেশ ভারতের সঙ্গে মৈত্রী সম্পর্কে সাংস্কৃতিক মেলবন্ধন একটি ইতিবাচক ভূমিকা রাখবে। উল্লেখ্য, ‘সম্পর্ক’ চলচ্চিত্রটি এর আগে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ও সাউথ এশিয়ান শর্ট ফিল্ম ফেস্টিভ্যালসহ অনেক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত ও প্রশংসিত হয়েছে।
