কর্নাটকে আটক ২১ কথিত বাংলাদেশিকে পশ্চিমবঙ্গে আনা হয়েছে 'পুশব্যাকের' জন্য

ফন্ট সাইজ:

ভারতের কর্নাটক রাজ্যের ব্যাঙ্গালুরুতে গত মাসে আটক ২১ জন কথিত সন্দেহভাজন বাংলাদেশিকে কড়া পুলিশি নিরাপত্তায় ট্রেনে করে পশ্চিমবঙ্গে নিয়ে আসা হয়েছে। এবার তাদের বিএসএফের হাতে তুলে দেয়া হবে। মালদহ সীমান্তে বিএসএফ তাদের নিজ দেশে ফেরত পাঠানোর বিষয়ে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবে বলে জানা গেছে।

গত মাসে ম্যাঙ্গলুরু সিটি পুলিশ সুরাতকাল ও উরওয়া থানা এলাকার অন্তর্গত মুক্কা এবং কোডিকাল-এর নির্মাণাধীন স্থান থেকে ২১ জন সন্দেহভাজন বাংলাদেশিকে আটক করে। অভিযোগ, এই ব্যক্তিরা ভুয়া নথিপত্র ব্যবহার করে ওই নির্মাণকাজগুলোতে যুক্ত ছিলেন। এছাড়া আরও তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে;  তারা উত্তর ভারতের রাজ্যগুলোর শ্রমিকদের পাশাপাশি বাংলাদেশি নাগরিকদেরও শ্রমিক হিসেবে ম্যাঙ্গলুরুতে নিয়ে আসতেন এবং এখানকার নির্মাণকাজে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করতেন।

আটক কথিত বাংলাদেশি নাগরিকদের বিরুদ্ধে অভিযোগ, আটকের প্রায় তিন মাস আগে তারা পাসপোর্ট বা ভিসা ছাড়াই পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিল। তদন্তকালে পুলিশ জানতে পারে যে, তারা মুর্শিদাবাদের ঠিকানাযুক্ত আধার কার্ডে নিজেদের ছবি বসিয়ে ভুয়া আধার কার্ড তৈরি করেছিলেন।
তাদের বিএসএফ-এর কাছে তুলে দেয়ার জন্য মালদহে আনা হয়েছে । এবার বিএসএফ তাদের ডিপোর্ট করার পদক্ষেপ গ্রহণ করবে।