সৌদি আরবের বৃহত্তম তেল শোধনাগার রাস তানুরায় হামলার পর আকাশে বিশাল কালো ধোঁয়ার কুণ্ডলী দেখা গেছে। মহাকাশ থেকে ধারণ করা স্যাটেলাইট চিত্রেও ধোঁয়ার উপস্থিতি ধরা পড়েছে। ইয়েমেনের ইরানপন্থি হুতি বিদ্রোহীরা এই হামলার দায় স্বীকার করেছে।
বুধবার তোলা স্যাটেলাইট চিত্রে সৌদি আরবের উপকূলীয় রাস তানুরা উপদ্বীপ থেকে কালো ধোঁয়া উড়তে দেখা যায়। হুতি মুখপাত্র ইয়াহিয়া সারি দাবি করেছেন, তাদের হামলা ‘নির্ভুল ও সরাসরি’ লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে এবং রাস তানুরা স্থাপনায় আগুনের সূত্রপাত হয়েছে।
রাস তানুরা বিশ্বের অন্যতম বৃহৎ অপরিশোধিত তেল রপ্তানি টার্মিনালের অংশ। বৃহস্পতিবার সিএনএনকে একটি জাহাজ চলাচলবিষয়ক সূত্র জানিয়েছে, হামলার পর টার্মিনালটিতে তেল ওঠানোর কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। তবে তা আবার চালু হয়েছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।
গত কয়েক সপ্তাহে সৌদি আরবের বিভিন্ন গুরুত্বপূর্ণ অবকাঠামোতে বারবার হামলা চালিয়েছে হুতিরা। এর মধ্যে রাজধানী রিয়াদের আর্থিক জেলাও রয়েছে। যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধের প্রভাব ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে সৌদি আরবে হামলার ঘটনা বাড়ছে। গত মাসে রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দরেও একাধিকবার হামলা হয়। এতে এক ডজনের বেশি মানুষ নিহত হন।
বুধবার সৌদি নেতৃত্বাধীন জোট জানিয়েছে, দেশটির পূর্বাঞ্চলীয় প্রদেশে রাস তানুরার আকাশে চারটি ড্রোন শনাক্ত করে সেগুলো ভূপাতিত করা হয়েছে। এতে ড্রোনের ধ্বংসাবশেষ নিচে পড়ে। তবে কেউ আহত হননি বলে জানিয়েছেন জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালিকি। প্রাথমিক মূল্যায়নের ভিত্তিতে তিনি এ তথ্য দেন।
রাস তানুরা সৌদি আরবের গুরুত্বপূর্ণ জ্বালানি অবকাঠামো। প্রতিদিন ৫ লাখ ৫০ হাজার ব্যারেল তেল পরিশোধনের সক্ষমতা রয়েছে এখানকার শোধনাগারের। ফেব্রুয়ারির শেষ দিকে যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ শুরুর আগে দেশটির প্রধান তেল রপ্তানি টার্মিনালও এই উপকূলীয় কমপ্লেক্সের অংশ ছিল।
এ বিষয়ে মন্তব্য জানতে সৌদি রাষ্ট্রীয় তেল কোম্পানি সৌদি আরামকোর সঙ্গে যোগাযোগ করেছে সিএনএন।
ইয়েমেনেও পাল্টাপাল্টি হামলা
এদিকে বুধবার ইয়েমেনের হুতি নিয়ন্ত্রিত হোদেইদা বন্দরে ‘অপারেশনাল সক্ষমতা’ লক্ষ্য করে হামলার কথা জানিয়েছে সৌদি নেতৃত্বাধীন জোট। পাশাপাশি সাদা ও আমরান প্রদেশে বেশ কয়েকটি লক্ষ্যবস্তু ধ্বংস করার দাবি করেছে তারা।
হুতিদের সঙ্গে সংশ্লিষ্ট আল-মাসিরা টেলিভিশন জানিয়েছে, সৌদি নেতৃত্বাধীন বাহিনী হোদেইদা শহরে বিমান হামলা চালিয়েছে। এর মধ্যে হোদেইদা আন্তর্জাতিক বিমানবন্দরেও হামলা হয়েছে। বন্দরটি হুতিদের জন্য গুরুত্বপূর্ণ সরবরাহপথ হিসেবে ব্যবহৃত হয়।
বৃহস্পতিবার ইয়েমেনের রাজধানী সানাসহ বিভিন্ন স্থানে সৌদি বিমান হামলার খবর দিয়েছে আল-মাসিরা টেলিভিশন। তবে এসব হামলার সত্যতা স্বাধীনভাবে যাচাই করতে পারেনি সিএনএন।
রিয়াদেও হামলার দায় স্বীকার হুতিদের
হুতিরা বুধবারের বিবৃতিতে রিয়াদের কিং আবদুল্লাহ ইকোনমিক সিটিতে হামলার দায়ও স্বীকার করেছে। সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, ওই হামলায় ১১ জন আহত হয়েছেন। চলতি মাসে সৌদি রাজধানীতে এ ধরনের তৃতীয় হামলার ঘটনা এটি।
রিয়াদের হামলার জবাবে সৌদি নেতৃত্বাধীন জোট বলেছে, হুতি ‘সন্ত্রাসী মিলিশিয়া’ ইচ্ছাকৃতভাবে বেসামরিক নাগরিক ও স্থাপনাকে লক্ষ্যবস্তু করছে। এর কঠোর জবাব দেওয়া হবে।
রিয়াদে অবস্থানরত এক প্রত্যক্ষদর্শী সিএনএনকে জানিয়েছেন, হামলার শিকার ভবনটি সৌদি রাজধানীর সবচেয়ে উঁচু ভবন। এটি দেশটির এক ট্রিলিয়ন ডলারের সার্বভৌম সম্পদ তহবিল পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ডের (পিআইএফ) সদর দপ্তর। চলতি মাসের শুরুতেও ক্ষেপণাস্ত্র হামলায় ভবনটি ক্ষতিগ্রস্ত হয়েছিল।
