সড়ক দুর্ঘটনায় আহত হয়ে প্রায় এক মাস চিকিৎসাধীন ছিলেন মডেল-অভিনেত্রী মেঘলা মুক্তা। এবার অনেকটাই সুস্থ হয়ে বাসায় ফিরেছেন তিনি। দুর্ঘটনার পর আইসিইউতে ভর্তি ছিলেন তিনি। এ সময় ৯-১০ ঘণ্টার জটিল অস্ত্রোপচারও করাতে হয়েছে তাকে। দীর্ঘ চিকিৎসা শেষে বাড়ি ফিরলেও বিশ্রামে থাকতে হবে এ অভিনেত্রীকে। রোববার দিবাগত রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের শারীরিক অবস্থা ও বর্তমান সময়ের কথা জানান মেঘলা মুক্তা। তিনি লেখেন, হাসপাতাল থেকে বাসায় ফেরার পর বুঝতে পারছি, এ জার্নিটা আসলে অনেকটাই আমার একার। কোনো বন্ধু, কোনো কাজ, কোনো মিটিং- কিছুই নেই। শুধু আমি, আমার রুম, টিভি, ফোন আর মাঝে মাঝে পড়ার চেষ্টা।
দুর্ঘটনায় মুখে গুরুতর আঘাত পেয়েছেন মেঘলা। অস্ত্রোপচারের পর মুখে সেলাই ও দাগ রয়েছে। পুরোপুরি সেরে উঠতে আরও সময় লাগবে বলে জানিয়েছেন তিনি। মুখের সেলাই ও দাগ নিয়ে না লেখার জন্য অনেকে তাকে পরামর্শ দিয়েছেন। তবে নিজের কঠিন সময়ের কথা লুকাতে চান না মেঘলা। এ প্রসঙ্গে তিনি বলেন, অনেকে বলেছে, মুখের সেলাই, দাগ- এসব কিছু লিখতে নেই। কিন্তু আমি কোনোদিন মানুষের কথায় নিজের গল্প লুকাইনি। যা সত্যি, তা সত্যিই। তাই আজ রাতের নীরবতায় শুধু এটুকু লিখে রাখলাম, আমি লড়ছি। আমি ফিরবো।
