পররাষ্ট্র মন্ত্রণালয়ের দুই প্রতিমন্ত্রীর মধ্যে দায়িত্ব বণ্টন করা হয়েছে। হুমায়ুন কবিরকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ এবং শামা ওবায়েদ ইসলামকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী-২ হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা এক পরিপত্রে এ দায়িত্ব বণ্টন করা হয়।
এতে বলা হয়েছে, পররাষ্ট্রমন্ত্রীর নির্দেশনা ও তত্ত্বাবধানে দুই প্রতিমন্ত্রী তাঁদের ওপর অর্পিত দায়িত্ব পালন করবেন। এ দায়িত্ব বণ্টনে প্রধানমন্ত্রীর অনুমোদন রয়েছে। পরিপত্র অনুযায়ী, প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় বিষয়াবলি, অনিবাসী বাংলাদেশি এবং পররাষ্ট্রমন্ত্রী কর্তৃক নির্ধারিত অন্যান্য বিষয় দেখবেন।
অন্যদিকে প্রতিমন্ত্রী-২ শামা ওবায়েদ ইসলাম পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি, মানবাধিকার, গবেষণা ও উদ্ভাবন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন, সৃজনশীল অর্থনীতি, এলডিসি উত্তরণ, আইসিটি, সমুদ্র আইন ও সমুদ্রসম্পদ, বিশ্ব স্বাস্থ্য কূটনীতি এবং সাংস্কৃতিক ও ক্রীড়া কূটনীতির দায়িত্ব পালন করবেন। পরিপত্রে দুই প্রতিমন্ত্রীর দায়িত্বের বিষয়ে পররাষ্ট্রমন্ত্রীর নির্দেশনা ও তত্ত্বাবধানের বিষয়টিও উল্লেখ করা হয়েছে।
